স্পোর্টস ডেস্ক।।
আগামী ২০২৪ কোপা আমেরিকা থেকে ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। তবে এর আগে সেলেকাওদের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন ফার্নান্দো দিনিজ।
আনচেলত্তির বিষয়ে এএফপি জানিয়েছে, রিয়াল মাদ্রিদের কোচ ২০২৪ সালে তার বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করবেন। এরপর সে বছরের জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকা থেকে ব্রাজিলের দায়িত্ব নেবেন।
এদিকে প্রায় ৬০ বছরের মধ্যে ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হবেন আনচেলত্তি। ব্রাজিলের সর্বশেষ বিদেশি কোচ ছিলেন আর্জেন্টিনার ফিলিপো নুনেজ। ১৯৬৫ সালে এক ম্যাচের জন্য ব্রাজিল কোচের দায়িত্বে ছিলেন এই নুনেজ।
এর আগে গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে ব্রাজিলের বিদায়ের পর কোচের দায়িত্ব ছেড়েছিলেন তিতে। এরপর রামন মেনেজেসের কাধে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল।
আগামী বছর কোপা আমেরিকা যুক্তরাষ্ট্রে শুরু হবে ২০ জুন। রিয়ালে আনচেলত্তির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের ৩০ জুন। তবে সে বছর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ১ জুন। এদিকে দিনিজ ফ্লুমিন্সের কোচের দায়িত্বে থাকার পাশাপাশি ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বও পালন করবেন।











































