Home খেলাধুলা মঞ্চ প্রস্তুত, আরেকটি ‘হেডিংলি মহাকাব্য’ কী ঘটাতে পারবেন স্টোকস

মঞ্চ প্রস্তুত, আরেকটি ‘হেডিংলি মহাকাব্য’ কী ঘটাতে পারবেন স্টোকস

18

স্পোর্টস ডেস্ক।।

২০১৯ সাল, হেডিংলি টেস্ট। অ্যাশেজে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার তৃতীয় ম্যাচ। প্রথম ইনিংসে জোফরা আর্চারের তোপে ১৭৯ রানে গুটিয়ে যাওয়া অস্ট্রেলীয় ইনিংসের জবাবে ইংল্যান্ড গুটিয়ে গেল মাত্র ৬৭ রানে। অজিদের পক্ষে তোপ দাগলেন জশ হ্যাজলউড। ১১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া তোলে ২৪৬ রান। ইংল্যান্ডের সামনে লক্ষ্য ৩৫৯।

প্রথম ইনিংসে মাত্র ৬৭ রানে গুটিয়ে যাওয়া নড়বড়ে ইংল্যান্ডের সামনে সেটি পাহাড় অতিক্রম করার মতোই। ৩ উইকেট হারিয়ে দলের রান যখন ১৪১, তখন পাঁচ নম্বর ব্যাটার হিসেবে মাঠে নামেন স্টোকস। এক পর্যায়ে ২৮৬ রানের মধ্যেই দলটি হারিয়ে বসে নবম উইকেট।

তবে একপ্রান্তে টিকে ছিলেন বেঞ্জামিন আন্দ্রে স্টোকস। শেষ ব্যাটসম্যান হিসেবে মাঠে নামা জ্যাক লিচকে নিয়ে বহুদূরের চূঁড়া স্টোকস অতিক্রম করলেন অবলীলায়। শেষ উইকেটে প্রয়োজনীয় ৭৩ রানে জ্যাক লিচের অবদান মাত্র ১। ১৬ বল ডট খেলার পর আসে সেই রান। তবে তার ১৭ বলে ১ রানের ইনিংসকে অনেকেই বলে থাকেন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ১ রান।

লিচ যখন স্টোকসকে স্ট্রাইক দিলেন, আর দেরি করেননি তিনি। অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের বলে কভার অঞ্চল দিয়ে চার মেরেই জন্ম দিলেন ক্রিকেটের মহাকাব্য। রক্ষণ আর আক্রমণের মিশেলে গড়া ইনিংসে স্টোকস অপরাজিত ১৩৫ রানে। ২১৯ বলের এই ইনিংসটি তিনি সাজান ১১টি চার ও ৮টি ছক্কায়। এই ইনিংসে শুরুর স্টোকসের সঙ্গে শেষের স্টোকসের বড্ড অমিল। প্রথমে রয়েসয়ে খেললেও শেষের স্টোকস ছিলেন ভয়ংকর। ‘মূলত বোলার’ লিচকে স্ট্রাইক দিয়েছেন খুবই কম।

লর্ডসে চলমান অ্যাশেজের দ্বিতীয় টেস্টের মঞ্চও অনেকটা একইরকম। পার্থক্য, তখন অধিনায়ক ছিলেন জো রুট, এখন বেন স্টোকস নিজেই। তাই দায়িত্বটাও যেন খানিকা বেশি।

 

এবার প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪১৬ রানের জবাবে ইংল্যান্ড সব কয়টি উইকেট হারায় ৩২৫ রানে। ৯১ রানে লিড নেওয়া অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে তোলে ২৭৯ রান। ৩৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৫ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। এরপর দলের হাল ধরেন ওপেনার বেন ডাকেট এবং অধিনায়ক স্টোকস। চতুর্থ দিনে আর কোনো উইকেট না হারিয়ে এই দুইজন দলকে নিয়ে যান ১১৪ রানে। ডাকেট ৫০ এবং স্টোকস অপরাজিত ২৯ রানে। শেষ দিনে তাদের দরকার আরও ২৫৭ রান।

ডাকেটের সঙ্গে উইকেটে আছেন স্টোকস। ২০১৯ সালের অ্যাশেজে এমন কঠিন পরিস্থিতিতেই যিনি ম্যাচ বের করে আনার কৃতিত্ব দেখান। কঠিন পরিস্থিতিকে স্টোকসের ভালোবাসার নমুনা আরও আছে। ওই বছরই ডারহামে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে জাদুকরী পারফরম্যান্স দেখিয়ে ইংল্যান্ডকে জেতান প্রথম শিরোপা। লর্ডস টেস্টে স্টোকস আরও একটি গৌরবগাথা রচনা করতে পারেন কি না সেটির ফয়সালা হবে আজই।