স্পোর্টস ডেস্ক।।
ক্যামেরন গ্রিনের বলে আপার কাট করেছিলেন বেন ডাকেট। তবে ঠিকঠাক ব্যাটে লাগেনি সেটা। ফাইন লেগে ক্যাচ ধরেন মিচেল স্টার্ক। উইকেটে জমে যাওয়া ডাকেটকে ফিরিয়ে উদযাপন শুরু করে দেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ডাকেটও আউট হয়েছেন ভেবে মাঠ ছেড়ে যাচ্ছিলেন, তবে তাকে থামান আম্পায়ার। বেশ কয়েকবার রিপ্লে দেখে ‘নট আউট’ ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার মারাইস ইরাসমাস।
চলমান লর্ডস টেস্টের চতুর্থ দিনের শেষে বিকেলে আম্পায়ারের এই সিদ্ধান্তে মাঠে থাকা অজি ক্রিকেটাররা খুশি হতে পারেননি। তবে ক্ষোভে ফুঁসছেন মাঠের বাইরে থাকা অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররা।
ধারাভাষ্য দিতে থাকা সাবেক অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রা তো সিদ্ধান্তটিকে ‘রাবিশ’ই বলে দিলেন। আর রিকি পন্টিং তুলনা টানলেন প্রথম ইনিংসে স্টিভেন স্মিথের ধরা জো রুটের ক্যাচের সঙ্গে। সেবার রুটকে আউট দিয়েছিলেন আম্পায়ার। পন্টিংয়ের মতে, স্টার্কের ধরা ক্যাচ স্মিথের তুলনায় বেশি যৌক্তিক।
ক্যাচ নিয়ে এমন তুলকালামের পর ব্যাখ্যা দিয়েছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। সংস্থাটি আইনবইয়ের ৩৩.৩ ধারা অনুযায়ী, ‘একটি ক্যাচ তখনই বৈধ হবে যখন ক্যাচ ধরার পর বল এবং শরীরের নিয়ন্ত্রণ পুরোপুরি ফিল্ডারের নিয়ন্ত্রণে থাকবে। দুইটি নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত বল মাটি স্পর্শ করতে পারবে না। স্টার্কের ক্ষেত্রে দেখা যায়, বল ধরার পরও মিচেল স্টার্ক স্লাইড করছিলেন এবং এক পর্যায়ে বলটি মাটি স্পর্শ করে।’











































