স্পোর্টস ডেস্ক।।
দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৫ অক্টোবর ২০১৯ সালের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে লড়বে ভারত। ক্রিকেট সমর্থকদের মধ্যে এই ম্যাচ নিয়ে থাকে আলাদা উত্তেজনা। তবে তেমনটি খুঁজে পান না ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
স্টার স্পোর্টসের সঙ্গে এক আলোচনায় গাঙ্গুলি জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তেমন জমে উঠে না। কারণ হিসেবে গাঙ্গুলি উল্লেখ করেছেন বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের অপ্রতিরোধ্য পারফরম্যান্স।
গাঙ্গুলি বলেন, ‘এই ম্যাচ নিয়ে অনেক উত্তেজনা দেখা যায় কিন্তু অনেকদিন ধরেই খেলার মান ঠিক নেই। কারণ, ভারত এমন আসরে একপাক্ষিকভাবেই জিতেই আসছে। পাকিস্তান সম্ভবত প্রথমবারের মতো দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারিয়েছে। ভারত সেই টুর্নামেন্টে ভালো খেলতে পারেনি। আমার মতে, বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা এর চেয়ে ভালো জমে ওঠে। কারণ খেলার মান ভালো।’
তবে গাঙ্গুলি এও স্বীকার করে নিলেন যে বর্তমান পাকিস্তান দল সব দিক দিয়েই ভালো করছে। বিশেষ করে ব্যাটিংবান্ধব পিচে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে দলটি। তিনি বলেন, ‘এই পাকিস্তান দল ভালো এবং ম্যাচও ভালো জমবে। ফ্লাট উইকেটে পাকিস্তান ভালো দল, কারণ তাদের ব্যাটাররা কন্ডিশন কাজে লাগাতে পারে। এমন কন্ডিশন কাজে লাগানোতে তাদের পেসাররাও দক্ষ।’
প্রসঙ্গত, ওয়ানডে বিশ্বকাপে এখনো পর্যন্ত সাতবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। যেখানে সব কয়টি ম্যাচেই জয়েই মুখ দেখেছে ভারত।











































