Home আন্তর্জাতিক মালয়েশিয়ার রহস্যময় জঙ্গল মানবদের অজানা অধ্যায়

মালয়েশিয়ার রহস্যময় জঙ্গল মানবদের অজানা অধ্যায়

77

আর্ন্তজাতিক ডেস্ক।।

রাত যত গভীর হয়, আধারের ঘনত্ব তত বাড়ে। তার সঙ্গে বৃদ্ধি পায় পৃথিবীর রহস্যময়তা! রহস্য যেন পৃথিবীর এক অপার সৌন্দর্য। যার একটা উদঘাটন হলেই সঙ্গে সঙ্গেই নেমে পড়ি আরেকটার পেছনে। আজকে আমরা তেমনই এক রহস্যময় জাতিগোষ্ঠীর সঙ্গে পরিচিত হতে যাচ্ছি, যাদের বসবাস দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম আলোচিত রাষ্ট্র মালয়েশিয়ায়। যেটি দক্ষিণ সেলাঙ্গরের উপকূলীয় অঞ্চল ‘সুঙ্গাই পেলেক’ থেকে ‘পুলাউ কেরির’ অঞ্চল এবং কালাং নদীর বিপরীতে মোট পাঁচটি গ্রাম নিয়ে বেষ্টিত।

মলায়শিয়ার ‘মাহ মেরি’ বা জঙ্গল মানব গবেষক রাশিদ ইশা, যিনি পশ্চিম মালয়েশিয়াতে অবস্থিত ‘মাহ মেরি কালচারাল ভিলেজের’ পরিচালক। তিনি ‘মাহ মেরি’ বা জঙ্গল মানবদের ওপরে গবেষণা করে ৯৩ পৃষ্ঠার ‘বুঙ্গা মোয়াং’ নামক একটি গ্রন্থ রচনা করেছেন। সেখানে তিনি মাহ মেরি বা জঙ্গল মানবদের অনেকগুলো রহস্যময় বিশ্বাস, প্রথা ও তাদের কর্মকাণ্ড তুলে ধরেছেন। আজকে ‘দৈনিক আমাদের সময়’র পাঠকদের জন্য থাকছে মালয়েশিয়া প্রতিনিধি আরিফুল ইসলামের লেখা ও ছবিতে রহস্যময় মালয়েশিয়ার জঙ্গল মানবদের সেই সব অজানা জীবন চিত্র।

মালয়েশিয়ার ‘মাহ মেরি’ বা জঙ্গল মানবগোষ্ঠীরা প্রধানত তিনটি ভাগে বিভক্ত। যাদের মধ্যে নেগ্রিটো, সেনোই এবং প্রোটো মালয়ও রয়েছে। নেগ্রিটোরা মূলত সেলাঙ্গরের উত্তরদিকে বসবাস করে এবং তারা নিজেদেরকে মালয়েশিয়ার সবচেয়ে আদি জনগোষ্ঠী বা ওরাং আসলি বলে দাবি করে। তাদের বিশ্বাস, প্রায় ২৫ হাজার বছর পূর্বে তারা আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে মালয়েশিয়ায় আগমন করেছে।

তা ছাড়া সেনোইরা, সেলাঙ্গরের মধ্যভাগে বসবাস করে। তাদের বিশ্বাস, তারা চীনের ইউনান থেকে প্রথমে থাইল্যান্ডে এবং প্রায় ১০,০০০ বছর পূর্বে থাইল্যান্ড থেকে মালয়েশিয়ায় আগমন করেছে। আর প্রোটো মালয়রা সেলাঙ্গরের দক্ষিণ দিকে বসবাস করে। তারা মূলত নাবিকদের বংশোদ্ভূত; জাহাজ চালনার সূত্রে খ্রিস্টপূর্ব ২,৫০০ থেকে খ্রিস্টপূর্ব ১,৫০০ এর মধ্যে তারা মালয়েশিয়ায় আগমন করে।

 

তবে স্থানীয় গবেষকগণ মনে করেন, ‌‘মাহ মেরি’ জাতিগোষ্ঠীর সকল আদিপুরুষই জাহাজ চালনার সূত্রে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে মালয়েশিয়ায় আগমন করেছেন এবং সে সময় থেকে তারা এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন।

প্রায় ৪ হাজার জনের মাহ মেরি অর্থাৎ জঙ্গল মানবদের রয়েছে নিজস্ব ভাষা। যার নাম ‘বেসিসি’। এটি একটি এস্ট্রো-এশিয়াটিক ভাষা। যা মাহ মেরি জনগোষ্ঠী ছাড়াও অল্প কিছু মালয়েশিয়ানরা এই ভাষা বোঝেন।

বহু ধর্ম ও বহু বর্ণের দক্ষিণ-পূর্ব এশিয়ার এ রাষ্ট্রটিতে তাদের সমাজ পরিচালনার জন্য রয়েছে নিজস্ব পদ্ধতি। পাঁচটি গ্রামের মধ্যে ‘ওরাং আসলি’ নামক গ্রামটি তাদের সমাজ পরিচালনার কেন্দ্রবিন্দু। এ ছাড়া প্রত্যেক গ্রামে রয়েছে একজন করে গ্রাম প্রধান, যাকে বলা হয় ‘বাতিন’।

আর গ্রামবাসীদের মধ্যে যারা বয়স্ক তাদেরকে নিয়ে গঠিত হয় গ্রাম কাউন্সিল। আর ‘বাতিন’ হন এই কাউন্সিলের প্রধান। তবে সামাজিকভাবে বাতিনের চেয়েও প্রভাবশালী হয়ে থাকেন ‘বোমো’। এই ‘বোমো’ কিছুটা ধর্মগুরুদের মতো। সব মিলিয়ে তাদের সমাজ পরিচালনায় তার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে থাকে।

এ ছাড়া রয়েছে তাদের বিভিন্ন উৎসবও। এর মধ্যে ‘সেওয়াং’, ‘টেরিয়ান যো’ এবং ‘টেরিয়ান টোপেন’ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এসব উৎসবের সঙ্গে জড়িত রয়েছে একেকটি ঐতিহাসিক প্রেক্ষাপট, যা মাহ মেরি অর্থাৎ জঙ্গল মানবগোষ্ঠীকে করে তুলেছে অপার রহস্যময়।

রহস্যময় মালয়েশিয়ার সেওয়াং আনুষ্ঠান। ছবি: সংগৃহীত
তাদের সমাজে কেউ মৃত্যুবরণ করলে ‘বাতিন’ আনুষ্ঠানিকভাবে তার মৃত্যু ঘোষণা করে। ঘোষণার পরে মৃতদেহকে বিদায় জানানোর অনুষ্ঠান শুরু হয়। সেই অনুষ্ঠানে মাহ মেরির সকলকে অংশগ্রহণ করতে হয়। এ সময় একটি দড়ি দিয়ে মৃতদেহের কনুই বরাবর বাঁধা হয়, তারপর পালাক্রমে সকল সদস্যকে সেই মৃতদেহকে ঘুরে ঘুরে বিদায় জানাতে হয়। আর তাদের ভাষায় বিদায় জানানোর এ অনুষ্ঠানকে বলে ‘সেওয়াং’। যা মূলত একধরনের শেষকৃত্য নৃত্য।

আমাদের সমাজে মানুষ মারা গেলে আমরা যেমন কোরআন বা যেকোনো ধর্মীয় পুস্তক পড়ি, বাঁশ ও বিভিন্ন উপকরণ দিয়ে মাটি দিই বা পুড়িয়ে ফেলি। আর মাহ মেরি অর্থাৎ জঙ্গল মানবরা করে থাকে নৃত্যনুষ্ঠান। নৃত্যের এই বাদ্য হিসেবে বাঁশ তাদের গুরুত্বপূর্ণ উপকরণ। তাদের অনুষ্ঠান থেকে জানা যায়, মাটির সঙ্গে লম্বালম্বিভাবে একটি বাঁশের টুকরো রাখা হয় এবং চার-পাঁচজন নারী ছোট ছোট বাঁশ দিয়ে উক্ত বাঁশটিকে ধীরে ধীরে আঘাত করতে থাকেন এবং এতে একটি আধ্যাত্মিক মূর্ছনার পরিবেশ সৃষ্টি হয়, আর সেই মূর্ছনার ছন্দে ছন্দে গাওয়া হয় শোকের মাতম।

সত্যি বলতে কী, মাহ মেরিদের কোনো ধর্ম বিশ্বাস নেই, তারা প্রকৃতিবাদী। নিজেদের অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজেদের ধর্ম বা প্রথা বা উৎসব তৈরি করে নিয়েছে তারা। তারা জান্নাত কিংবা জাহান্নামে বিশ্বাস করেনা। তারা মনে করে সকল বৃক্ষের পুনর্জন্ম হয়, ফলে অযথা কোনো বৃক্ষ নষ্ট করা যাবে না। যা একবার জগতে এসেছে তা আর কখনো পুরোপুরি জগত থেকে চলে যায় না; মৃত্যুর মাধ্যমে রূপ বদলায় মাত্র।

তা ছাড়া প্রাণী জগতের কোনো কিছুর মৃত্যু মানে দেহ থেকে আত্মা আলাদা হয়ে যাওয়া, তারপরে সে নিষ্ক্রিয় অথবা সক্রিয় আকারে আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। তাদেরকে ধারণ করার জন্য জীবিতরা ‘মুখোশ’ তৈরি করে। এই মুখোশ তৈরির জন্য ব্যবহার করা হয় ‘নাইরি বাতু’ নামক বৃক্ষের কাঠ। রহস্যময় এসব বিষয়ে তাদের ‘বোমো’রা অর্থাৎ ধর্মীয় গুরুরা আরও গুরুগম্ভীর ব্যাখ্যা প্রদান করে থাকে।

তাদের বিশ্বাস অনুসারে, জগতের সবকিছু সমান্তরালভাবে চলমান। দিনের বিপরীতে রাত; দিন ও রাত দুটি আলাদা জগতের প্রতিচ্ছবি। একদিনে মোট ২৪ ঘণ্টা, যা ১২ ঘণ্টা করে দুই ভাগে বিভক্ত। মানুষের আগমন ঘটে দিনের প্রতিচ্ছবি হিসাবে, মানুষ বিদায় নেয় রাতের প্রতিচ্ছবি হিসেবে। এই উভয় জগতের দরজা বছরে একবার খুলে যায়। তখন মৃতদের আত্মারা নতুন শিশুদের মানব জগতে প্রেরণের প্রস্তাব পাঠায়। তারা সেদিন যাদের যাদের নির্দিষ্ট করে দেয় তারা সামনের এক বছর যাবত মানুষ রূপে জগতে আগমন করতে থাকে। আর এ দিনটি মাহ মেরিরা তাদের নিজস্ব হিসাব অনুসারে ‘বোমো’রা অর্থাৎ ধর্মীয় গুরুদের দ্বারা বের করে নেয় এবং সে দিনটি উৎসবের আয়োজন করে।

এ ছাড়া তাদের প্রথায় রয়েছে পুরুষদের মতো নারীরাও একাধিক স্বামী গ্রহণ করার অধিকার। তারা মনে করে, যৌনতার অধিকার সবার জন্য সমান। এ সমাজে নেই কোনো বৈষম্য, নারী-পুরুষ সবাই সমান। তবে তাদের বিবাহ প্রথা অত্যন্ত জটিল। বিবাহের জন্য মাত্র ৪ দিনে সর্বমোট ৭ ধরনের আনুষ্ঠানিকতা পালন করতে হয় তাদের। এই ৭ ধরনের আনুষ্ঠানিকতার মধ্যে সবচেয়ে জটিল কাজ হচ্ছে কন্যা বাছাই। অনেকজন যুবতী কন্যাকে একত্রিত করে তাদের সারা দেহ ঢেকে রেখে শুধুমাত্র হাত বের করে রাখা হয়। উক্ত হাত দেখেই ছেলেকে কন্যা বাছাই করতে হয়। হাত দেখে যাকে পছন্দ করা হয় অনিবার্যভাবে তাকেই বিয়ে করতে হয় তাদের সমাজে।

এ ছাড়া তাদের বিয়েতে আরও একটি আনুষ্ঠানিকতা হচ্ছে দাঁতে ধার দেওয়া। তাদের বিশ্বাস, এর কারণে তারা মারা গেলে তাদের সন্তানরা তাদের আত্মাকে খেয়ে ফেলতে চাইবে না। বরং তাদের আত্মা শান্তিতে থাকবে। বিবাহের তৃতীয় দিন তাদের পবিত্র করা হয় এবং সর্বশেষ দিন তাদের উভয়কে দুটি আলাদা সিংহাসনে বসানো হয় এবং বিবাহের মূল কার্য সম্পন্ন হয়। এ সময়ে তাদের উভয়ের হাতে একগুচ্ছ ফুল তুলে দিয়ে একত্রে মিলিত হওয়ার অনুমোদন দেওয়া হয়।

তবে এত কিছুর পরেও সবচেয়ে রহস্যময় হচ্ছে তাদের পোশাক। বিভিন্ন গাছের পাতার সমন্বয়ে তারা অদ্ভুত একধরনের পোশাক তৈরি করে। গাছের পাতা দিয়ে বিভিন্ন অলংকারও তৈরি করে। সর্বোপরি তারা তাদের আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের নামকরণের সার্থকতা রক্ষা করে। অর্থাৎ তারা যে ‘জঙ্গলের অধিবাসী’ তা তাদের পোশাকে ফুটে ওঠে।

আধুনিক এ বিশ্বে নাচের অনেক নিয়ম থাকলেও মালয়েশিয়ার রহস্যময় এ জনগোষ্ঠীর রয়েছে ভিন্ন একধরণের নৃত্য। যা ‘টেরিয়ান যো’ নামে পরিচিত। যার মানে দাঁড়ায় জঙ্গল নৃত্য। এই নৃত্যে নারী ও পুরুষ উভয়ে গাছের লতা পাতার মাধ্যমে বন্য পশুর মতো সজ্জা গ্রহণ করে। তারপর বাদ্যের তালে তালে নৃত্য করে। নৃত্য করতে করতে কেউ কেউ অস্বাভাবিক আচরণ করলে তাকে সফল ব্যক্তি হিসেবে গণ্য করা হয়।

তা ছাড়া অঞ্চলটির রহস্যময় আরেকটি বিষয় হচ্ছে মুখোশ নৃত্য, যার সাথে রয়েছে আধ্যাত্মিকতার গভীর সম্পর্ক। নৃত্যটির স্থানীয় নাম হচ্ছে ‘টেরিয়ান টোপেন’। বিশেষ এই নৃত্যের সময় সবাই মুখোশ পরে অদ্ভুত রকমের সজ্জা করে। তারপর বাদ্যের তালে তালে নৃত্য করতে থাকে। তাদের বিশ্বাস, তাদের মধ্য থেকে যত মানুষ এবং প্রাণী মৃত্যুবরণ করে, তারা এই মুখোশের মাধ্যমে প্রকৃতিতে বর্তমান থাকে।

এ ছাড়া তাদের সমাজে এই মুখোশ তৈরির পেছনে রয়েছে প্রচলিত এক লোকোবিশ্বাস। যা তারা গভীরভাবে বিশ্বাস করে এবং তারা সকল প্রাণীকে রক্ষা করা তাদের নৈতিক দায়িত্ব মনে করে।

একবার একটি বাঘ, একটি গুহায় আবদ্ধ হয়ে পড়ে। এমতাবস্থায় বাঘটিকে মুক্ত করতে কেউ গুহার ভেতরে যেতে সাহস পাচ্ছিলো না। ফলে বাঘটি এক পর্যায়ে মারা যায়। এতে সমগ্র মাহ মেরিরা অপরাধবোধে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে এবং তারা মনে করতে থাকে, ভয়ের অজুহাতে তারা দায়িত্ব পালনে অবহেলা করেছে সেজন্য তারা অপরাধী।

তখন তারা সবাই একত্রিত হয়ে এই সিদ্ধান্তে আসলো যে, তাদের ওই বাঘের মুখোশ তৈরি করে পড়তে হবে এবং সঙ্গে সঙ্গে নৃত্য করতে হবে। যাতে মুখোশের মাধ্যমে বাঘের সেই শোকার্ত আত্মা তাদের কাছে ফেরত আসে এবং বাঘটির জন্য যে তারা সত্যিই কাতর তা বাঘটি জানুক। সেই থেকে অন্যান্য প্রাণীর মুখোশের চেয়ে বাঘের মুখোশ তাদের কাছে অধিক শোকের এবং প্রিয়। সঙ্গে সঙ্গে এই মুখোশ নৃত্যের মাধ্যমে তারা তাদের মৃত্যুবরণ করা সকল মানুষ ও প্রাণীদের স্মরণ করে।

বর্তমানে মাহ মেরিদের আবাসস্থল ভ্রমণ পিপাসু মানুষের কাছেও রহস্যময় জায়গা হিসাবে পরিচিত হয়ে উঠেছে। প্রচুর পর্যটক প্রতিবছর সেখানে ভ্রমণ করেন। মালয়েশিয়ার অন্যান্য অঞ্চলেও তারা তাদের নৃত্য প্রদর্শন করতে যান। তারা কাঠ দিয়ে মুখোশ তৈরি করার ব্যাপারে খুবই পারদর্শী। বর্তমানে মুখোশ তৈরি তাদের আয়ের অন্যতম উৎসে পরিণত হয়েছে।