ঢাকা অফিস।।
বৃষ্টি ও গরমের পাশাপাশি লবণের দাম এবং শ্রমিকের মজুরি বাড়ায় এবারও কাঁচা চামড়া সংরক্ষণের অভাবে বোঝা হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সঠিকভাবে সংরক্ষণ না হলে কোরবানির পশুর ১০ শতাংশ চামড়া নষ্ট হতে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। ঢাকার ভেতরের চামড়া দ্রুত আড়তে পৌঁছানোয় নষ্ট হওয়ার শঙ্কা কম, তবে ঢাকার বাইরের চামড়া এবার অনেক নষ্ট হতে পারে বলছেন ব্যবসায়ীরা।
পুরান ঢাকার লালবাগের পোস্তায় কাঁচা চামড়ার সবচেয়ে বেশি আড়ত। পোস্তার আড়তদাররা সারা দেশের নিয়মিত ও মৌসুমি কাঁচা চামড়া সরবরাহকারীদের কাছ থেকে চামড়া সংগ্রহ করছেন।
বৃহস্পতিবার (২৯ জুন) দুপুর থেকে পশুর কাঁচা চামড়া আসতে শুরু করে পোস্তার আড়তগুলোতে। তারা সেই চামড়া কিছুটা প্রক্রিয়াজাত করে ট্যানারিতে বিক্রি করবেন।
সরেজমিনে পোস্তায় গিয়ে দেখা যায়, আড়তদারদের হাঁকডাকে সরগরম হয়ে উঠেছে লালবাগের শায়েস্তা খান, রাজ নারায়ণ ধর রোডসহ আশপাশের এলাকা। ফড়িয়াদের কাছ থেকে চামড়া সংগ্রহ করছেন পাইকারি ব্যবসায়ীরা। রাত বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কেনাবেচায় সরব হয়ে উঠেছে পোস্তা।
বড় আকারের চামড়া একেকটি সাড়ে ৮০০ থেকে এক হাজার টাকায় বিক্রি হতে দেখা গেছে। ছোট ও মাঝারি আকারের চামড়া সাড়ে চারশ থেকে ৭৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় এবার চামড়ার দাম বেড়েছে। কিন্তু লবণ ও শ্রমখরচ বেড়েছে আরও বেশি।
বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত চামড়া সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন পোস্তার ব্যবসায়ীরা। তারা বলছেন, রাতে যে চামড়া আসবে, বৃষ্টির কারণে সেটির গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে। পচেও যেতে পারে।
এদিকে মানুষের হাতে টাকা কম থাকায় কোরবানিও কম হয়েছে। এতে দেশের সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়তে আগের মতো লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া সংগ্রহ নাও হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।
টানা বৃষ্টির কারণে সময়মতো লবণজাত করতে না পারলে চামড়া নষ্ট হয়ে যেতে পারে বলে জানিয়েছেন ছমির হানিফ অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী হাজী ছমির উদ্দিন। তিনি বলেন, ৪৮ বছর ধরে চামড়ার ব্যবসা করছি। এখন পোস্তায় আগের মতো আর চামড়া আসে না। অনেক চামড়া সরাসরি ট্যানারিতে চলে যায়।
‘এ বছর বৃষ্টির কারণে সময়মতো লবণ দিতে না পারলে অনেক চামড়া নষ্ট হতে পারে। ঢাকা শহরের চামড়ায় সময়মতো লবণ দেয়া সম্ভব। কারণ এই চামড়াটা সন্ধ্যার মধ্যেই চলে আসবে’ যোগ করেন তিনি।
রাত গভীর চামড়ার গুণগত মান নষ্ট হবে জানিয়ে তিনি আরও বলেন, রাত ৮টার পর যে চামড়াটা আসবে, সেটার গুণগত মান ধরে রাখা যাবে না। কারণ একটা পশু সকাল ১০টায় কোরবানি হলে চামড়াটা যদি রাত ৮ বা ১০টায় নিয়ে আসে, তাহলে চামড়ায় পচন ধরে যায়।
তিনি জানান, কাঁচা চামড়া নিয়ে কোনো সিন্ডিকেটের সুযোগ নেই। কারণ যে চামড়া আমি রাখবো, সেটিতো বিক্রি করতে হবে।
‘কোরবানির দিন ব্যাপক বৃষ্টি হয়েছে। এতে পশু জবাই করার পর থেকে ৮ থেকে ১০ ঘণ্টার মধ্যে লবণজাত করতে না পাড়লে চামড়া নষ্ট হয়ে যাবে। ঢাকার বাইরের চামড়াটা আসে সাধারণত রাত ৮টা থেকে। তখন এসব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এই যানজটে পড়ে আরও ২ থেকে ৩ ঘণ্টা চলে যায়’, বলেন ছমির উদ্দিন।
তিনি জানান, তখন চামড়ায় পচন ধরে যায়। বিকালে যে চামড়াগুলো আসে, সেটা গতবছর থেকে ৬০ থেকে ৮০ টাকা বেশি দিয়ে কেনা হয়েছে। এ বছর ব্যবসায়ীদের টাকার ও লবণের সংকট নেই। যে কারণে তারা চামড়া কিনতে পারছেন নির্ধারিত দামে।
ফড়িয়ারা সরাসরি ট্যানারিতে চামড়া নিয়ে যায় জানান পোস্তার আমীর অ্যান্ড ব্রার্দাসের স্বত্বাধিকারী হাজী আমীর হোসেন। তিনি বলেন, যদি নির্দিষ্ট সময়ে মধ্যে লবণ দিয়ে আমাদের কাছে চামড়া নিয়ে আসে, তাহলে কোনো চামড়া ফেরত যাবে না।। সবাই ন্যায্য দাম পাবেন। তবে অবশ্যই চামড়ার গুণগতমান ঠিক থাকতে হবে। কারণ টানা বর্ষণে সারাদিন চামড়াগুলো বৃষ্টিতে ভিজেছে। যখন ৮ থেকে ১০ ঘণ্টা ওভার হবে, তখন চামড়াগুলোর টেম্পার থাকবে না, পচন ধরে যায়।
‘জেনেশুনে কেউ পচা চামড়া নেবে না। যদিও এ বছর আমার মনে হয় ঢাকার ভেতরের চামড়া নষ্ট না হলেও ঢাকার বাইরের চামড়া নষ্ট বেশি হবে। মূলত বৃষ্টির কারণে গত বছরের থেকে বেশি চামড়া নষ্ট হবে’, শঙ্কা প্রকাশ করেন তিনি।
রাজধানীর শহিদ নগর থেকে ৮টি চামড়া এনে প্রতিটি সাড়ে ৮০০ টাকা দরে বিক্রি করেছেন দেলাওয়ার হোসেন। তার সবগুলো চামড়া বড় ছিল জানিয়ে তিনি বলেন, ভাবছিলাম এ বছর যেহেতু সরকার দাম বাড়িয়েছে, তাই হাজার টাকার বেশি পাবো। কিন্তু বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে প্রত্যাশিত দামে বিক্রি করতে পারিনি।
৪৮টি চামড়া নিয়ে আসা পুরান ঢাকার সূত্রাপুর থেকে আসা আব্দুল মতিন বলেন, প্রতিটি চামড়া গড়ে সাড়ে ৭০০ টাকা করে বিক্রি করেছি। গত বছর গড়ে ৬০০ থেকে সাড়ে ৬০০ টাকায় বিক্রি করেছি। এ বছর চামড়ার আমদানি কম হওয়ায় দাম ভালো যাচ্ছে।
সার্বিক বিষয়ে কাঁচা চামড়া ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বিএইচএসএমএ) সভাপতি আফতাব খান সময় সংবাদকে বলেন, দুপুরে ঢাকা শহর ও এর আশপাশের কোরবানির পশুর চামড়া পোস্তায় আসতে শুরু করেছে। এ বছর মৌসুমি ব্যবসায়ীদের আনাগোনা কম। তবে মাদ্রাসাভিত্তিক ব্যবসায়ীদের বেশি দেখা যাচ্ছে।
‘অত্যধিক বৃষ্টি ও গরম, দুটোই চামড়ার জন্য ক্ষতিকর। কিন্তু সকালে ব্যাপক বৃষ্টি হলেও পরে সেটি চলে গেছে। যে কারণে কিছু চামড়া নষ্ট হবে, যা সহনশীল। বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতি বেশি হতো। ১০ শতাংশ চামড়া নষ্ট হলে তা সহনশীল পর্যায়ে থাকে। কিন্তু ১০ শতাংশের বেশি ক্ষতি হবে না বলে বিশ্বাস’।
তিনি আরও জানান, পোস্তায় গতবার এক লাখ ৫০ হাজার চামড়া সংগ্রহ করা হয়েছিল। এখানে কোনো এক সময়ে পাঁচ লাখ চামড়ায় লবণ লাগানো হতো। কিন্তু এবার অত্যাধিক গরমের কারণে আমাদের লোকজন হেমায়েতপুর, বেড়িবাঁধসহ বিভিন্ন জায়গায় লবণ লাগিয়ে ট্যানারিতে পৌঁছে দেয়। যে কারণে এবার পোস্তায় ৮০ থেকে ৯০ হাজার মাল নামতে পারে।
এ ব্যবসায়ী বলেন, বৃষ্টি ও গরমের কারণে এবার আমরা বলেছি, যে যেখানে পারেন, সেখানেই চামড়ায় লবণজাত করুন। আমরা এই প্রস্তুতির কথা বলে এসেছি। কোথাও ১০০ বা ২০০ চামড়া হলেও যাতে লবণজাত করা হয়। আমরা এটাও বলেছি, কোরবানিদাতা যদি আট কেজি লবণ ছিটিয়ে চামড়াটা গ্যারেজ বা গাছের নিচে ছড়িয়ে রেখে দেন, তাও চমড়াটা পচন থেকে রক্ষা পাবে। লবণ সঠিকভাবে লাগালে, দামও সঠিক পাওয়া যাবে। এটা করাতে গত কয়েক বছর ধরেই চামড়া কম নষ্ট হচ্ছে।











































