Home খেলাধুলা সেমিতে ওঠার লক্ষ্য

সেমিতে ওঠার লক্ষ্য

18

ক্রীড়া প্রতিবেদক।।

বিশ বছর পর মালদ্বীপকে হারিয়ে ভারতে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে টিকে আছে বাংলাদেশ। এবার সেমিফাইনাল নিশ্চিত করার পালা। এজন্য গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে জয়ের লক্ষ্য জামাল ভূঁইয়াদের। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অর্জন ৩ পয়েন্ট। চার দলের গ্রুপে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। যদি সামনের ম্যাচে ভুটানকে হারায় বাংলাদেশ এবং মালদ্বীপের বিপক্ষে ড্র করে লেবানন তা হলে সেমিফাইনালে উঠে যাবেন জামালরা। যদি মালদ্বীপ হেরে যায় তাহলে ড্র করেও সেমিফাইনালে উঠে যাওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের। এখন সেমিফাইনালে ওঠার অভিন্ন লক্ষ্য কোচ হ্যাভিয়ের কাবরেরার শিষ্যদের। গতকাল অনুশীলনের পর ফুটবলার ইব্রাহিম বলেন, ‘মালদ্বীপ ম্যাচ জয়ের পর কোচ বলেছেন, আমাদের পরবর্তী ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। কেননা অনেক বছর ধরে আমরা সাফের সেমিফাইনালে খেলি না। আগে আমাদের সেমিফাইনাল নিশ্চিত করতে হবে, তারপর আমরা উদযাপন করব। ঢাকায় ক্যাম্পের প্রথম দিনই কোচ বলে দিয়েছিলেন, আমাদের প্রথম লক্ষ্য সেমিফাইনাল। তারপর আমরা ফাইনাল নিয়ে ভাবব।’

সর্বশেষ ২০০৯ সালে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। এরপর টানা পাঁচ আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় লাল-সবুজের জার্সিধারীরা। এবার সেমিফাইনাল খেলার লক্ষ্যে অটুট তারা। প্রথম ম্যাচে শক্তিশালী লেবাননের কাছে ২-০ গোলে হেরে যাওয়ার পর মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এবার ভুটানের বিপক্ষে সেরা ফুটবল খেলে দীর্ঘ দিন পর সাফের সেমিফাইনালে ওঠার স্বপ্ন তাদের। মালদ্বীপকে হারানোর পর আরও চাঙ্গা হয়েছে বাংলাদেশ দল। ইব্রাহিম জানালেন, তারা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। তাতেই সফলতা আসছে। তিনি বলেন, ‘সৌদি আরব থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ একটি পরিকল্পনার মধ্য দিয়ে যাচ্ছি। কারণ এটা একটা প্রসেসিংয়ের মতো। কম্বোডিয়া ম্যাচ বলেন, আর লেবানন ম্যাচ বলেন, প্রতিনিয়ত আমাদের কোচ ভিডিওতে দেখিয়ে দেন, আমরা এটা ট্রেনিং করেছি। সম্পূর্ণ একটা ট্রেনিংয়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা।’

ভুটান ম্যাচের আগে দল এখন উজ্জীবিত। বাংলাদেশ দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেন, ‘আমাদের খেলোয়াড়রা প্রস্তুত। আমরা তাদেরকে যে পরিকল্পনা দিচ্ছি, মাঠে তারা সেটিই বাস্তবায়ন করছে। গত ম্যাচে শতকরা ১০০ ভাগ মার্ক পেয়েছে তারা। কখনই পরিকল্পনা থেকে বেরিয়ে আসেনি। শুরু থেকেই তাদের (লেবাননের) রক্ষণভাগে চাপ দিয়েছি। আমরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের দরকার ছিল উজ্জীবিত হওয়ার। আমরা এখন উজ্জীবিত। আত্মবিশ্বাসের উন্নতি হলে তারা অন্য পর্যায়ে যাবে। গত ম্যাচে আমরা সেই আত্মবিশ্বাসটা পেয়েছি। পরবর্তী ম্যাচে এটি আমাদের আরও উজ্জীবিত রাখবে। আমি আশা করি, আমাদের খেলোয়াড়রা তাদের সর্বোচ্চটা দেবে।’

সাফ শুরুর আগে থেকে ভুটান ও মালদ্বীপের বিপক্ষে ম্যাচকে ঘিরেই মূলত পরিকল্পনা করে বাংলাদেশ। এ দুই ম্যাচে যেভাবেই হোক জিততে হবেÑ এভাবেই প্রস্তুতি নিয়েছে দল। হাসান আল মামুন বলেন, ‘এই দুই ম্যাচে আমাদের যেভাবেই হোক জিততে হবে। তাই আগে থেকেই আমরা প্রস্তুত। আমরা ছেলেদের পরিকল্পনামাফিক খেলাতে পেরেছি। দলটা ইয়ং। ৮-১০ জন খেলোয়াড় সম্পূর্ণ নতুন। এটা সহজ ছিল না (মালদ্বীপকে হারানো)। আমি জানি না, লেবানন কিংবা কুয়েতের কাছে সাফ কেমন, এটা আমাদের কাছে বিশ্বকাপ।’ অন্যদিকে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জানালেন, ‘লেবাননের কাছে হারের পর থেকে আমাদের খেলোয়াড়দের মধ্যে যে জেদ কাজ করছিল যে পরের দুই ম্যাচ জিততেই হবে, সেই হিসেবে অধিনায়ক গতকালের (রবিবার) ম্যাচে তার প্রমাণ রেখেছে। আমি বিশ্বাস করি, পরের ম্যাচেও একই রকম খেলে আমরা আমাদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাব।’ অপর দিকে ইনজুরির কারণে ডিফেন্ডার তারিক কাজীকে ঘিরে শঙ্কা দেখা দিয়েছে। সামনের ম্যাচের আগ পর্যন্ত তাকে পাওয়ার জন্য অপেক্ষায় থাকবে বাংলাদেশ।