Home খেলাধুলা চারশ’ ছাড়ানো ম্যাচে জিম্বাবুয়ের রেকর্ড জয়

চারশ’ ছাড়ানো ম্যাচে জিম্বাবুয়ের রেকর্ড জয়

16

স্পোর্টস ডেস্ক।।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৬ উইকেটে ৪০৮ রানের পুঁজি গড়ে জিম্বাবুয়ে। এরপর তুলে নিয়েছে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ জয়ও। বিশাল রান তাড়া করতে নেমে ২৫.১ ওভারে ১০৪ রান তুলতেই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্রের ইনিংস। এতে ৩০৪ রানের বিশাল জয় পেয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।

ওয়ানডে ইতিহাসে রানের হিসাবে যা দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। এর আগে এ বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ৩১৭ রানের জয়টি আছে তালিকার শীর্ষে। তৃতীয় সর্বোচ্চ ২৯০ রানের জয় আছে নিউজিল্যান্ডের, আয়ারল্যান্ডের বিপক্ষে।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৬ রান তোলে জিম্বাবুয়ে। ৩২ রান করে ইনোসেন্ট কাইয়া ফিরলে দ্বিতীয় উইকেটে ১৬০ রানের জুটি গড়ে শেন উইলিয়ামস ও জয়লর্ড গাম্বি। দলীয় ২১৬ রানে উইলিয়ামসকে রেখে ৭৮ রানে ফিরে যান গাম্বি।

এরপর সিকান্দার রাজাকে নিয়ে আরেক বড় জুটি গড়েন উইলিয়ামস। এর মধ্যে ৬৫ বলে সেঞ্চুরি তোলেন উইলিয়ামস। তার সেঞ্চুরিটি সাজানো ছিল ১১ চার ও ৩ ছক্কার সৌজন্যে। দলীয় ৩০৪ রানে অর্ধশতক থেকে দুই রান দূরে থাকতেই সাজঘরে ফেরেন সিকান্দার। এতে উইলিয়ামসের সঙ্গে ভাঙে ৮৮ রানের জুটি।

চতুর্থ উইকেটে রায়ার্ন বার্লকে নিয়ে ৮১ রানের জুটি গড়েন উইলিয়ামস। দলীয় ৩৮৫ রানে বার্ল ফেরেন ৪৭ রানে। ৪৮.৪ ওভারে ১৭৪ রান নিয়ে আউট হন শেন উইলিয়ামস। ১০১ বল স্থায়ী এই ইনিংসে ২১ চারের পাশাপাশি ৫ ছক্কা মেরেছেন উইলিয়ামস। জিম্বাবুয়ের হয়ে কোনো ক্রিকেটারের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ এটি। এর আগে বাংলাদেশের বিপক্ষে চালর্স কভেন্ট্রি ১৯৪ ও কেনিয়ার বিপক্ষে হ্যামিল্টন মাসাকাদজা করেছিলেন ১৭৮ রান।

৬ বলে ১৮ রানে অপরাজিত থাকেন মারুমানি। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের স্কোরে জমা হয় ৪০৮ রান। ওয়ানডেতে এটি ২৩ তম ৪০০ কিংবা এর বেশি রানের ইনিংস। আর জিম্বাবুয়ের ইতিহাসে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রানও এটি। এর আগে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৩৫১ রান, ২০০৯ সালে কেনিয়ার বিপক্ষে। তার আগে ২০০৩ সালে করেছিল সর্বোচ্চ ৩৪০ রান। আজ সব ছাপিয়ে তারা করে ৬ উইকেটে ৪০৮ রান।

এই জয়ে গ্রুপ পর্বে ৪ ম্যাচের সবগুলো জিতে ৮ পয়েন্ট পাওয়া জিম্বাবুয়ে শীর্ষে থেকেই সুপার সিক্সে যাচ্ছে। অন্যদিকে আগেই বাদ পড়ে যাওয়া যুক্তরাষ্ট্র কোনো ম্যাচ না জিতেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিল।