Home আঞ্চলিক কুষ্টিয়ার কুমারখালীতে ২০ বছর শিকলবন্দি জীবন

কুষ্টিয়ার কুমারখালীতে ২০ বছর শিকলবন্দি জীবন

42

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি।।
দিনমজুর স্বামী মারা গেছেন প্রায় ১০ বছর হলো। ৩৩ বছর বয়সী একমাত্র মেয়ে আনিসা বাকপ্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন। কথা বলেন এলোমেলো। চোখের আড়াল হলেই দূরে কোথাও হারিয়ে যান। তাই বাধ্য হয়ে মেয়েকে শিকলে বেঁধে রেখে অন্যের বাড়িতে কাজ করেন বৃদ্ধ মা খায়রম নেছা (৭২)। এভাবে চলছে প্রায় ২০ বছর।

খায়রম নেছা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোদ্দ বনগ্রামের বাসিন্দা। গত মঙ্গলবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা গেছে, টিনশেড ঘরের কাঁচা মেঝের বারান্দায় সিমেন্টের খুঁটির সঙ্গে পায়ে শিকল ও তালা দিয়ে বেঁধে রাখা হয়েছে আনিসাকে। তিনি অবাক চোখে তাকিয়ে আছেন আকাশের দিকে। এর পরই হঠাৎ বন্দিজীবন থেকে মুক্তির জন্য শিকল ধরে টানাটানি করছেন তিনি। পাশেই বসে আসেন বৃদ্ধ মা। মায়ের চোখেমুখে চিন্তার চিহ্ন।

 

খায়রম নেছা বলেন, আনিসার বয়স যখন পাঁচ-ছয় বছর, তখন টের পেয়েছেন সে আর দশটা মেয়ের মতো স্বাভাবিক নয়। প্রায়ই বাড়ি থেকে হারিয়ে যেত মেয়ে। খোঁজাখুঁজি করে কয়েক দিন পরে অন্য গ্রামে পাওয়া যেত তাকে। এভাবে কয়েক বছর যাওয়ার পর মেয়েকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন। চিকিৎসা পেলে তাঁর মেয়ে ভালো হতে পারে বলে তাঁর ধারণা।

খায়রম নেছার ভাষ্য, তিনি প্রতিবেশীদের বাড়িতে টুকটাক গৃহস্থালির কাজ করেন। সরকারিভাবে তিনি বছরে ৬ হাজার টাকা বয়স্ক ভাতা আর তাঁর মেয়ে ১০ হাজার ১০০ টাকা প্রতিবন্ধী ভাতা পান। তা দিয়ে কোনোমতে চলছে তাঁদের কষ্টের জীবন।

প্রতিবেশী আব্দুল বারেক শেখ বলেন, মাঝে মাঝে আনিসা সুস্থ মানুষের মতো কথা বলেন। তাঁদের সংসারে খুব অভাব। ভালো চিকিৎসা পেলে আনিসা এখনও সুস্থ জীবনে ফিরতে পারে।

শিলাইদহ ইউপি চেয়ারম্যান গাজী হাসান তারেক বিপ্লব বলেন, মেয়েটি চিকিৎসার অভাবে শিকলে বাঁধা থাকে, তা জানতেন না। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, এরই মধ্যে মা-মেয়ে সরকারি ভাতা পাচ্ছেন। লিখিত আবেদন পেলে তিনি চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।