ঢাকা অফিস||
সুইস ব্যাংকগুলো থেকে বাংলাদেশিদের সাড়ে ১০ হাজার কোটি টাকা সরিয়ে নেওয়া নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন,
শেখ হাসিনা তার পরিবার নিয়ে সুইজারল্যান্ড সফরের পরপরই দেশি-বিদেশি সংবাদ মাধ্যমগুলোতে খবর বেরিয়েছেÑ সুইস ব্যাংকগুলোতে রাখা বাংলাদেশিদের সাড়ে ১০ হাজার কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে। একচেটিয়া টাকা পাচারের সঙ্গে জড়িতরা সবাই ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ। আওয়ামী লুটেরাই যে সুইস ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা সরিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। ভয়াবহ ডলার সংকটের সময়ে বিশাল বহর নিয়ে শেখ হাসিনার ঘন ঘন বিদেশ সফর এবং সম্প্রতি সুইজারল্যান্ড সফর খুবই রহস্যজনক। সফর করে ফিরে এসে তার কথাবার্তাও রহস্যজনক।
বিএনপির এই নেতা বলেন, ক্ষমতাসীনরা সার্বভৌমত্ব দুর্বল করেছে, স্বাধীনতাকে বিপন্ন করেছে, গণতন্ত্রকে নিরুদ্দেশ করেছে। এরা তাদের নিজেদের প্রহসনের নির্বাচনেও স্বস্তি পায় না। উচ্চ আদালত হিরো আলমের প্রার্থিতা বৈধতার রায় দিলেও নির্বাচন কমিশন জনবিচ্ছিন্ন সরকারের ইশারায় আলমের প্রার্থিতা বাতিল করেছে। এই তামাশার নির্বাচনের মধ্যেও অবৈধ সরকারের অনৈতিক চাপ দৃশ্যমান। এরা গণতন্ত্রের সব স্বীকৃত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।
সারাদেশে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও হামলার চিত্র তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, গত ১৯ মে থেকে এখন পর্যন্ত বিএনপির কেন্দ্রঘোষিত জনসমাবেশকে কেন্দ্র করে সারাদেশের প্রাপ্ত তথ্যানুযায়ী মোট মামলা হয়েছে ২১০টি, গ্রেপ্তার ৮৩০ জনের অধিক নেতাকর্মী, আসামি করা হয়েছে প্রায় ৯ হাজার তিনশর অধিক নেতাকর্মীকে।
সংবাদ সম্মেলনে আরও ছিলেন বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া, হাবিব উন নবী খান সোহেল, মীর সরাফত আলী সপু, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, আবেদ রাজা প্রমুখ।











































