মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে আজ রবিবার মোংলা বন্দরে ভিড়বে এম,ভি বসুন্ধরা ইমপ্রেস। ৩২হাজার ১শ ২১মেট্টিক টন কয়লা নিয়ে গত ৩১মে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে এ জাহাজটি। রবিবার বিকেল ৫টায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার-১১নম্বর এ্যাংকোরেজে ভিড়বে কয়লাবাহী এ জাহাজটি। এরপর বিকেল ৬টায় কয়লা খালাস ও পরিবহণের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট। এর আগে এমাসের ১০জুন ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২৬হাজার ৬২০মেট্টিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিলো চায়না পতাকাবাহী জাহাজ এম,ভি জে হ্যায়।

দেশীয় এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেড’র খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, গত ৩১মে ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩২হাজার ১২১মেট্টিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এম, ভি বসুন্ধরা ইমপ্রেস। কয়লাবাহী এ জাহাজটি কাল রবিবার বিকেল ৫টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার-১১নম্বর এ্যাংকোরেজে ভিড়বে। ভিড়ার ঘন্টাখানেক পর ৬টার দিকে জাহাজটি হতে কয়লা খালাসের কাজ শুরু হবে। জাহাজ হতে খালাসকৃত কয়লা লাইটারেজে (কার্গো-কোস্টার-নৌযান) করে নেয়া হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে কয়লা পরিবহণের লাইটারেজ ভিড়ার পর জেটির নিজস্ব গ্রাপ্স (কামড়ীকল) দিয়ে কয়লা উত্তোলন করে কেন্দ্রের স্বয়ংক্রিয় বেল্টের মাধ্যমে মজুদ/সংরক্ষণ করা হবে গোডাউনে/সেডে।
তিনি আরো জানান, এর আগে গত ১০জুন ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের আমদানীকৃত ২৬হাজার ৬২০মেট্টিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার-১১নম্বর এ্যাংকোরেজে ভিড়ে ছিলো চায়না পতাকাবাহী জাহাজ এম, ভি জে হ্যায়। এর আগে ইন্দোনেশিয়া থেকে গত ১৬মে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এম,ভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০হাজার মেট্টিক টন ও ২৯মে এম,ভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০হাজার ৫শ মেট্টিক টন কয়লা এসেছিলো মোংলা বন্দরে।











































