Home জাতীয় ২৩ দিনে ডেঙ্গুতে মৃত্যু পাঁচ মাসের দ্বিগুণ

২৩ দিনে ডেঙ্গুতে মৃত্যু পাঁচ মাসের দ্বিগুণ

39

ঢাকা অফিস।।

এডিস মশাবাহিত ভাইরাস ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে যত প্রাণহানি হয়েছে তার দ্বিগুণ মৃত্যু হয়েছে চলতি মাসের প্রথম ২৩ দিনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জুনের ২৩ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩১৭ জন। জানুয়ারি থেকে মে পর্যন্ত শনাক্ত রোগী ছিল ২ হাজার ২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বছরের প্রথম পাঁচ মাসে ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু হয়, কিন্তু চলতি মাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ জনের। সব মিলিয়ে এ বছর মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে ঠেকেছে।

বিশেষজ্ঞরা বলছেন, টানা বৃষ্টি না হওয়ায় ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হতে পারে। মশা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে আসন্ন ঈদের পর ডেঙ্গু পরিস্থিতি চরম আকার ধারণ করতে পারে সতর্ক করেছেন তারা। বছর শেষে অতীতের সব রেকর্ড এবারও ছাড়াবে বলে আশঙ্কা তাদের।

গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত ৪৫ জেলায় ছড়িয়েছে পড়া ডেঙ্গুতে বিগত ২৪ ঘণ্টায় ৪৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হিসাবের বাইরে রয়েছেন বাড়িতে থাকা ডেঙ্গু রোগীরা। এই নিয়ে এ বছর রোগীর সংখ্যা বেড়ে ৬ হাজার ৩৩৯ জনে দাঁড়িয়েছে।