স্টাফ রিপোর্টার।।
খুলনার কোরবানির পশুরহাট কাঁপাবে ‘বড় দাদু’। যার ওজন ৩৫ মণ। দাম হাঁকানো হয়েছে ১৫ লাখ টাকা। গরুটি খুলনা জেলার সবচেয়ে বড় বলে জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ।
গরুটি খুলনার রূপসা উপজেলার আইচগাতি গ্রামের শেখ মাহবুবুর রহমানের বাড়িতে রয়েছে। বিশাল আকারের গরু দেখতে উৎসুক জনতা তার বাড়িতে ভিড় করছে। পাশাপাশি ক্রেতারাও দর কষাকষি করছে বলে গরুর মালিক জানিয়েছেন।
শেখ মাহবুবুর রহমানের বাড়িতে গিয়ে দেখা যায়, গরুটি একটি আম বাগানে বাঁধা রয়েছে। সেখানে গরু দেখতে মানুষ ভিড় করছে।
শেখ মাহবুবুর রহমান বলেন, ‘এটি খুলনার সবচেয়ে বড় গরু। গরুটির ওজন ৩৫ মণ। ১৫ লাখ টাকা হলে বিক্রি করব। খুলনায় বিক্রি করা সম্ভব না হলে কিছু দিনের মধ্যে ঢাকায় নিয়ে যাব।’
তিনি জানান, এক বছর আগে তিনি দুটি গরু কেনেন। তার নাতি গরু দুটিকে ‘বড় দাদু’ ও ‘ছোট দাদু’ বলে ডাকে। ‘বড় দাদু’ ফ্রিজিয়ান জাতের, আর ‘ছোট দাদু’ ফ্রিজিয়ান ক্রস জাতের। প্রত্যেকটির বয়স চার বছর। দুটি গরু একত্রে ২৫ লাখ টাকা দাম চাচ্ছেন। তবে কিছু কম হলেও বিক্রি করবেন। এ পর্যন্ত দুটি গরু একত্রে খুলনার এক ক্রেতা সাড়ে ১৩ লাখ টাকা দাম বলেছেন।
তিনি আরও জানান, প্রতিদিন দুটি গরুর জন্য ১৬০০ থেকে ১৭০০ টাকার খাবার প্রয়োজন। ‘ছোট দাদুর’ ওজন হয়েছে ৩২ মণ।
মাহবুবুর রহমান বলেন, তিনি পাঁচ বছর ধরে গরু লালনপালনের সঙ্গে জড়িত। এ পেশায় তিনি সফল। তবে করোনার বছর কিছুটা ক্ষতিগ্রস্ত হন। গরু দুটিকে মোটাতাজাকরণের ওষুধ প্রয়োগ করা হয়নি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ নিয়ে লালনপালন করেছেন।
খুলনা জেলা প্রাণিসম্পদ দপ্তরের অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রনজিত চক্রবর্তী বলেন, এখন পর্যন্ত যে রিপোর্ট রয়েছে, তাতে রূপসার আইচগাতির গরুটি খুলনা জেলার সবচেয়ে বড়। এ বছর খুলনায় কোরবানিযোগ্য পশুর সঙ্কট নেই বলে জানান তিনি।
খুলনার ফুলতলা উপজেলায় ৪ হাজার ৩৭৩টি, দিঘলিয়ায় ৪ হাজার ৮৮৬টি, তেরখাদায় ৫ হাজার ৩২টি, রূপসায় ৪ হাজার ৯১০টি, দাকোপে ৬ হাজার ২০১টি, কয়রায় ৮ হাজার ৭৮টি, পাইকগাছায় ৮ হাজার ২৯৫টি, ডুমুরিয়ায় ১০ হাজার ৩৮৬টি, বটিয়াঘাটায় ৬ হাজার ৯৭১টি ও মহানগরীতে ৬ হাজার ৭৮১টি পশু প্রস্তুত রয়েছে।











































