স্টাফ রিপোর্টার।।
নগরীর লবণচরা থানাধিন হরিণটানা রিয়া বাজার এলাকার ১২ বছরের শিশু কণ্যা রাবেয়াকে হত্যা মামলার আসামি সৎ পিতা মো. শরিফুল ইসলাম (২৯) কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস সশ্রম করাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বুধবার (২১ জুন) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি শরিফুল ইসলাম বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানার বারুইখালী গ্রামের মৃত. আব্দুস সালাম এর ছেলে। সে লবণচরা থানাধিন হরিণটানা রিয়াবাজার মক্কা লেনের মঞ্জুরের বাড়ি স্বপরিবারে ভাড়া থাকত। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি শরিফুল ইসলাম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, প্রায় ৭/৮ বছর আগে লবণচরা থানাধিন হরিণটানা রিয়াবাজার এলাকার মৃত. আব্দুল খালেকের মেয়ে বিউটি বেগমের সঙ্গে বিয়ে হয় আসামি শরিফুল ইসলামের। এসময় বিউটি বেগমের পুর্বের সংসারের মেয়ে রাবেয়াকে সাথে নিয়ে শরিফুল ইসলাম বসবাস করতে থাকে। কিছুদিন যেতে না যেতে রাবেয়াকে এতিমখানায় পাঠানোর জন্য ঝগড়া শুরু করে শরিফুল। ২০২০ সালের ২৪ মার্চ সকাল ৯টার দিকে স্বামী শরিফুল, মেয়ে রাবেয়া ও ছোট দু’মেয়ে শরিফা ও আরিফাকে রেখে কাজে চলে যায় বিউটি বেগম। এ সুযোগে শরিফুল ইসলাম সৎ মেয়ে রাবেয়াকে শ্বাসরোধে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রাখে।
এ ঘটনা দেখে ছোট বোন শরিফা ও আরিফা লোকজনকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ রাবেয়ার লাশ উদ্ধার করে। এঘটনায় নিহত রাবেয়ার মামা আব্দুস সালাম ভগ্নিপতি শরিফুল ইসলামের বিরুদ্ধে লবণচরা থানায় হত্যা মামলা দায়ের করেন যার নং-৭। ওই বছরের ৩১ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নাসির উদ্দিন হাওলাদার শরিফুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এডভোকেট কেএম ইকবাল হোসেন ও এপিপি এডভোকেট মো. কামরুল ইসলাম জোয়াদ্দার।











































