খুলনাঞ্চল ডেস্ক।।
ঐতিহ্য ও প্রাচীন সভ্যতার দেশ মিশর এবার বিদেশি নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদী ভিসা চালু করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১৯ জুন) মাল্টি-এন্ট্রি ভিসা নীতি ঘোষণা করে। এই ভিসা পাঁচ বছরের জন্য বৈধ। এবং এর বাহককে এক টানা সর্বোচ্চ ৯০ দিন মিশরে থাকার অনুমতি দেবে। নতুন সিদ্ধান্তে ভিসার মূল্য ধরা হয়েছে ৭০০ ইউএস ডলার। খবর ইজিপ্ট ইন্ডিপেন্ডেন্ট।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অন্যান্য প্রবেশ ভিসার উপর আরোপিত ফি, যা বর্তমানে মিশরে বহাল রয়েছে তাতে কোন পরিবর্তন আনা হয়নি।
সরকারি গেজেট ভিসা সংক্রান্ত-১৯৬০ সালের রেজল্যুশনের ৩১ ধারায় কিছু সংশোধন আনা হয়েছে। মিশরের সাথে দ্বিপাক্ষিক বা আঞ্চলিক চুক্তি রয়েছে এমন দেশগুলোর নাগরিকরা ভিসার ফি থেকে ছাড় পাবেন। নতুন ভিসার লক্ষ্য হচ্ছে দেশটির বৈদেশিক মুদ্রার ঘাটতি মেটানো।
অর্থনৈতিকভাবে ভীষণ ধুঁকছে মিসর। দেশটিতে বৈদেশিক মুদ্রার ব্যাপক সংকট দেখা দিয়েছে। সেটা কাটিয়ে উঠতে আরও বেশি পর্যটক টানতে এমন উদ্যোগ নিয়েছে সুদূর আফ্রিকার দেশটি।
এর আগে চলতি বছর মার্চের শেষ দিকে দেশটি জানিয়েছে, ৫ বছরের জন্য একাধিক ভ্রমণ ভিসা দেবে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এজন্য খরচ হবে মাত্র ৭০০ ডলার।
পর্যটনে রাজস্ব বাড়াতে এ প্রথম একাধিক বছরের জন্য বৈধ ভিসা অফার করছে মিসর। এক সংবাদ সম্মেলনে দেশটির পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রী আহমেদ ইসা এসব তথ্য জানান।
এছাড়া ৩০ দিনের ভিসা অন-অ্যারাইভাল দেশের সংখ্যা বাড়িয়েছে মিসর। এখন থেকে ১৮০টি দেশের দর্শনার্থীরা তা পাবেন।
স্বল্পমেয়াদি ভিসাটি পেতে ভ্রমণকারীকে ফি পরিশোধ করতে হবে মাত্র ২৫ ডলার। চীনা ও ভারতীয় নাগরিকরাও এ সুযোগ পাবেন। ইরান, তুরস্ক, সৌদি আরবের বাসিন্দারাও সুবিধাটি নিতে পারবেন।











































