Home আঞ্চলিক দুপুরে বিয়ে, সন্ধ্যায় মিলল নববধূর ঝুলন্ত মরদেহ

দুপুরে বিয়ে, সন্ধ্যায় মিলল নববধূর ঝুলন্ত মরদেহ

25

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি।।
দুপুরে বিয়ে হয় ঊষা খাতুন নামে এক তরুণীর। একইদিন সন্ধ্যায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার সন্ধ্যায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নে ঘটে এ ঘটনা।
স্থানীয়রা জানান, ঊষা বিয়েতে রাজি ছিলেন না। তার মতামত উপেক্ষা করে বিয়ে দেওয়ায় সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা তাদের।

ঊষা খাতুন (২০) রঘুনাথপুর গ্রামের আমির আলীর মেয়ে।

ঘটনার তদন্ত কর্মকর্তা কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) অনীল মুখার্জি বলেন, রোববার দুপুরে কলারোয়া পৌর এলাকার ঝিকরা গ্রামের আবদুল ওয়াহেদ আলীর ছেলে সুমনের সঙ্গে ঊষা খাতুনের বিয়ে হয়। আনুষ্ঠানিকভাবে বাড়ি নেওয়ার প্রতিশ্রুতি দিলেও ঊষাকে তার বাবার বাড়ি রেখে যান সুমন। এ নিয়ে সন্ধ্যায় দাদির সঙ্গে তর্কে জড়ান ঊষা। পরে নিজ ঘরে গিয়ে ফাঁস নেন তিনি। বিষয়টি দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে রাতেই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এদিকে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিয়েতে রাজি ছিলেন না ঊষা। তার মতামতের বিরুদ্ধে গিয়ে বিয়ে দেওয়ায় বিষয়টি মানতে পারছিলেন না তিনি। এ কারণেই ফাঁস নিয়ে থাকতে পারেন বলে ধারণা তাদের।

কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের স্বজনরা আত্মহত্যার সঠিক কারণ বলতে পারছেন না। ধারণা করা হচ্ছে, ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন মেয়েটি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আরও তথ্য জানানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। উভয় পরিবারের দাবিতে লাশটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।