Home আঞ্চলিক এক পাগলা কুকুরের কামড়ে ৩৫ জন আহত: কালীগঞ্জে কুকুর আতঙ্ক

এক পাগলা কুকুরের কামড়ে ৩৫ জন আহত: কালীগঞ্জে কুকুর আতঙ্ক

17

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জে একটি পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রায়গ্রাম ইউনিয়নের কয়েকটি গ্রাম ও তার নিকটবর্তী পৌরসভার বিভিন্ন এলাকার মানুষকে কামড়িয়ে জখম করে। সোমবার দুপুর ২ টা পর্যন্ত মোট ১৭ জন কুকুরে কামড়ানো রোগী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এছাড়াও আহত অনেকে ঝিনাইদহ সদর ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাসেবা নিয়েছেন। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। সোমবার সকাল থেকে উপজেলার রায়গ্রাম,দুলালমুন্দিয়া ও পৌর এলাকার নিশ্চিন্তপুর, মেইন বাসস্ট্যান্ড, হেলাই, বলিদাপাড়া, আড়পাড়াসহ বিভিন্ন এলাকায় লাল রঙের একটি কুকুর কামড় দিয়ে আহত করে। এরপর থেকে এলাকায় লাল কুকুর আতঙ্ক বিরাজ করছে।
কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা শিশু নিশি খাতুন জানায়, সে বাড়ির পাশে খেলা করছিল। হঠাৎ পিছন দিক থেকে এসে একটি লাল রঙের কুকুর ডান পায়ে কামড় দেয়। এরপর সে ভয়ে চিৎকার দিয়ে কাঁদতে থাকলে লোকজন এসে উদ্ধার করে।
ঝিনাইদহ সদর উপজেলার ডেফলবাড়ি এলাকার রোজিনা খাতুন জানান, তিনি কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি লাল রঙের কুকুর এসে তার ডান পায়ে কামড় দিলে রক্ত ঝরতে থাকলে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আজগর আলী জানান, কুকুরের কামড়ে আহতদের চিকিৎসা প্রদান করা হয়েছে। ২ জনের অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে কথিত আছে পাগলা কুকুরে যে কুকুরকে কামড় দিবে সে কুকুরও পর্যায়ক্রমে পাগলা হয়ে কামড় দিতে পারে। ফলে অবশ্যই পাগলা কুকুরটি শনাক্তের প্রয়োজন আছে। আবার আহতদের চিকিৎসায় কোন রকমে অবহেলা করলে ঘটতে পারে জীবনহানীর মত ঘটনা। ফলে বিষয়টি ছোট নয়।
কালীগঞ্জ পৌরসভার মেয়র কুকুরের কামড়ানোর বিষয়টি নিশ্চিত করে জানান, কুকুরের কামড়ে আহত হওয়ার খবর জানার পর পৌরসভার পক্ষ থেকে কুকুরটিকে শনাক্ত করার জন্য কয়েকজনকে পাঠানো হয়েছে। তিনি বলেন, আতঙ্কিত না হয়ে কুকুরটি দ্রুত শনাক্তের প্রয়োজন। ফলে এতে সাহায্য করলে সকলের জন্যই মঙ্গল।

প্রকাশ থাকে যে, এর আগে ২০২২ সালের ৫ নভেম্বর কালীগঞ্জ শহরে দুই পাগলা কুকুরের কামড়ে অন্তত ৬০ জন আহত হলে শহরজুড়ে কুকুর আতঙ্ক ছড়িয়ে পড়ে।