Home আঞ্চলিক রাজনৈতিক দলের সব পর্যায়ে ন্যূনতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি

রাজনৈতিক দলের সব পর্যায়ে ন্যূনতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি

30

খবর বিজ্ঞপ্তি।।
১৭ জুন ২০২৩ বেলা ১১ টায় অপরাজিতা নেটওয়ার্ক ও নারী উন্নয়ন ফোরাম-এর আয়োজনে খুলনা প্রেস ক্লাবের সামনে “গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর নির্দেশনা অনুসারে রাজনৈতিক দলের সব পর্যায়ে অনতিবিলম্বে ন্যূনতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিধান কার্যকর করার দাবীকে সামনে রেখে একটি মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন শ্লোগান, ব্যানার, ফেস্টুন এবং প্লাকার্ড নিয়ে উপস্থিত হন।
খুলনা জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ফারজানা ফেরদৌস নিশার সভাপতিত্বে সভাপতিত্বে মানববন্ধনে দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে বক্তৃতা করেন শারমিনা পারভিন রুমা, ফারহানা আফরোজ মনা, চঞ্চলা মন্ডল, এড. মোমিনুল ইসলাম, এড. অশোক কুমার সাহা, এড. তাছলিমা খাতুন ছন্দা, মনোয়ারা খাতুন শিউলী, বুলু রায় গাঙ্গুলী, আকলিমা খাতুন তুলি, সাবির হোসেন, আফরোজা খানম মিতা, শাহিদা ইসলাম নয়ন, বিথিকা রায়, শাবানা আক্তার, নাসরিন আক্তার, রওশন আরা, সুস্মিতা তরফদার, মিনারা আজাদ প্রমুখ।

বক্তারা বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুচ্ছেদ ৯০ (খ)-তে বলা ছিল যে রাজনৈতিক দলগুলির কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩% নারী প্রতিনিধিত্ব ২০২০ সালের মধ্যে নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে উল্লিখিত সময়সীমা অতিক্রান্ত হলেও প্রধান রাজনৈতিক দলগুলোসহ অন্য কোনো রাজনৈতিক দলই এই শর্ত পূরণে সক্ষম হয়নি। এই প্রেক্ষাপটে ‘অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক একটি প্রকল্পের সহায়তায় গঠিত ‘অপরাজিতা নেটওয়ার্ক’-ভুক্ত নারীনেত্রীরা উক্ত লক্ষ্যমাত্রা পূরণের জন্য নতুন একটি সময়সীমা যেন বেঁধে দেওয়া হয়, এবং সে অনুযায়ী রাজনৈতিক দলগুলির সকল স্তরে অনতিবিলম্বে ন্যূনতম ৩৩% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলে যেন যথাযথ উদ্যোগ গ্রহণ করে, এ দাবী জানিয়ে আসছেন। এই দাবী নিয়ে ইতোমধ্যে স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে তারা কখনও রাজনৈতিক দলের নেতাদের সাথে আবার কখনও সংসদ সদস্যদের সাথে সংলাপ, মানববন্ধন, স্মারকলিপি প্রদান প্রভৃতি কর্মসূচীতে অংশ নিয়েছেন। সেই ধারাবাহিকতায় আজকের এই মানববন্ধন। এই মানববন্ধনে অপরাজিতারা যে দাবি উত্থাপন করেন তা’ হচ্ছে-

>খুলনা জেলার সকল রাজনৈতিক দলের মূল কমিটিতে নারীদের অবস্থান এখনও অনেক দুর্বল; আমরা অতিসত্ত্বর গুরুত্বপূর্ণ পদে – বিশেষ করে সভাপতি, সাধারন সম্পাদক বা সম্পাদকমন্ডলীর সদস্য হিসাবে – নারীদের দেখতে চাই।
>সকল রাজনৈতিক দল সঠিকভাবে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসরন করে এবং সেইসাথে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে নারীদের ৩৩% মনোনয়ন দেওয়ার প্রতিশ্রুতির সঠিক বাস্তবায়ন।
> নারী প্রার্থী মনোনয়ন/সমর্থনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আরো সাহসী হতে হবে আমরা সংরক্ষিত আসনে আর নির্বাচন করতে চাই না সাধারন আসনে নির্বাচন করতে চাই। বিশ্বাস করি নারীরা নির্বাচনে ভালো ফলাফল করবে।
> আরপিও সংশোধন হচ্ছে এবং রাজনৈতিক দলের কমিটিতে এক-তৃতীয়াংশ নারী অন্তর্ভূক্তির সময়সীমা ২০৩০ সাল করা হচ্ছে, আমরা আশা করি ২০২৮ সালের মধ্যে খুলনা জেলার সকল রাজনৈতিক দল এই কোটা পুরণ করবে। আমাদের নায্যদাবী মানতে হবে, অনেক সময় পেরিয়ে গেছে আর নতুন সময় দেয়া যাবে না।
>রাজনৈতিক দলের কমিটিগুলোর মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে সম্মেলনের আয়োজন করা। আগামী জেলা, উপজেলা এবং ইউনিয়ন সম্মেলনে রাজনৈতিক দলের কমিটিতে নারীর অর্ন্তভূক্তির মাত্রা বৃদ্ধি করতে হবে। আমরা বিশ^াস করি আগামী সময়সীমা-২০২৮ সালের আগেই সকল রাজনৈতিক দলের সকল কমিটিতে এক-তৃতীয়াংশ (৩৩%) নারীদেরকে অর্ন্তভূক্তির ফলে প্রকৃতভাবে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন হবে।

উল্লেখ্য, অপরাজিতা নেটওয়ার্ক এর উদ্যোগে উল্লিখিত দাবিতে আজ একযোগে সারা দেশের ১৬টি জেলায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মানবন্ধনে খুলনা জেলার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক সদস্য, সাংবাদিক, নাগরিক প্রতিনিধি, সুশীল সমাজ সংগঠন প্রতিনিধি, নারী নেত্রী, আইনজীবী, জনপ্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে খুলনা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ফারজানা ফেরদৌস নিশা।

উল্লেখ্য সুইজারল্যান্ডের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন তত্ত্বাবধানে রূপান্তর, প্রিপ ট্রাস্ট, খান ফাউন্ডেশন ও ডেমক্রেসিওয়াচ বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলাধীন ৬২টি উপজেলার ৫৪০টি ইউনিয়নে ‘অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি স্থানীয় সরকারের নির্বাচিত নারী প্রতিনিধি তথা নির্বাচনে আগ্রহী নারী নেত্রীদের দক্ষতা উন্নয়ন, বিষয়ভিত্তিক প্রশিক্ষণ এবং স্থানীয় ও জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সংলাপ সহ নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন্ন কর্মকান্ড পরিচালনা করছে।