Home আঞ্চলিক বাগেরহাটে সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ নেতা নিহত

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ নেতা নিহত

28

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটে মাছের ঘের নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় আনারুল শেখ (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। শনিবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে দুপুরে পিরোজপুর-বাগেরহাট মহাসড়কের বাগেরহাট মেরিন ইনস্টিটিউটের সামনে হামলার শিকার হন তিনি।

আনারুল শেখ বাগেরহাট পৌর শহরের বাসাবাটি এলাকার বাসিন্দা। তিনি বাগেরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন।

আনারুলের ভাতিজা মুরাদ শেখ বলেন, ঘের নিয়ে তাঁর ছোট চাচা বাচ্চু শেখের সঙ্গে কালাম বয়াতী নামে এক ব্যক্তির বিরোধ ছিল। এর জেরে সকালে কালামের আত্মীয় নাগেরবাজার এলাকার সোহেল হাওলাদার ও তার ভাই রাখা হাওলাদারের নেতৃত্বে ৭-৮ জন আনারুলদের বাড়িতে যান। এরপর ঘেরে না যাওয়ার জন্য হুমকি দিয়ে চলে যান তারা। দুপুরের দিকে বাচ্চু শেখ বৈটপুর এলাকার ঘেরে গিয়ে দেখেন, কালাম মাছ ধরছেন। মাছ ধরার কারণ জানতে চাইলে কালাম দুর্ব্যবহার করেন এবং মোবাইল ফোনে কল করে সোহেলকে সেখানে আসতে বলেন। পরিস্থিতি খারাপ বুঝে বাচ্চু শেখ সেখান থেকে চলে যান এবং আনারুলকে ফোন করে ঘেরে যেতে বলেন। আনারুল রিকশা নিয়ে ঘেরে গিয়ে কাউকে না পেয়ে ফিরে যাচ্ছিলেন। পথে মেরিন ইনস্টিটিউটের সামনে সোহেল, রাখা ও গনেশসহ ৭-৮ জন তাঁকে পিটিয়ে হাত-পা ভেঙে রেখে যান। সেখান থেকে তুলে আনারুলকে বাড়িতে পৌঁছে দেন এক ভ্যানচালক। পরে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে চিকিৎসকরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়। হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি করেছেন আনারুল শেখের ছেলে জিসান শেখ।

৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মাসুম শেখ বলেন, হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

বাগেরহাট মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলার প্রস্তুতি চলছে। হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে। এলাকার পরিস্থিতি শান্ত।