স্পোর্টস ডেস্ক।।
কাতার বিশ্বকাপের পরপরই গত বছরের ডিসেম্বরে সৌদি ক্লাব আল-নাসরে যোগ দেন পর্তুগিজ তারকা। ক্যারিয়ারের পুরো সময় তুলনামূলক ঠান্ডা অঞ্চল ইউরোপে কাটিয়ে সৌদি আরবের গরমে রোনালদো নিজেকে কীভাবে মানিয়ে নেবেন সেটি ছিল বড় একটি প্রশ্ন। গ্রীষ্মের দিকে দেশটিতে তাপমাত্রা মাঝেমাঝে ৪০ ডিগ্রিও ছাড়িয়ে যায়। এই গরমের সঙ্গে প্রথমদিকে মানিয়ে নিতে বেশ কষ্টই হয়েছিল সিআরসেভেনের। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি সয়ে গেছে এই তারকার।
গরম থেকে বাঁচতে দেশটিতে বেশিরভাগ সময়ই অনুশীলন করা হয় সন্ধ্যায়, যা ইউরোপীয় সূচি থেকে ভিন্ন। রোনালদো বলেছেন, ‘সবচেয়ে বড় পার্থক্য যেটি আমি সৌদিতে পেয়েছি সেটি অবশ্যই তাপমাত্রা। এখানে অনুশীলন হয় দিন শেষে, যখন একটু ঠান্ডা হয়। কিন্তু আমি এখন এতে সত্যিই অভ্যস্ত হয়ে গিয়েছি। এখানকার ভক্তরা দারুণ। আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন এবং দারুণ এই যাত্রা বজায় রাখতে সাহায্য করেছেন। প্রত্যেক লিগ এবং দেশ আলাদা। আমি খুবই গর্বিত যে আমি ইউরোপের আলাদা তিনটি লিগে খেলতে পেরেছি।’
রোনালদোর আসার পর সৌদির দিকে ঝুঁকছেন বিশ্বের আরো কয়েকজন তারকা ফুটবলার। সৌদি লিগে এই মৌসুম থেকেই খেলবেন রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক করিম বেনজেমা এবং চেলসির এনগালো কান্তে। এসব তারকার আগমনে বেশ উচ্ছ্বসিত রোনালদো। তিনি মনে করেন, আগামী কয়েক বছরের মধ্যে দারুণ উন্নতি করবে।
রোনালদো বলেন, ‘এটি (অন্যান্য তারকাদের আগমন) আমাকে বিস্মিত করেনি। তবে এটি সত্যিই আমাকে আনন্দিত করে যে সারা বিশ্বের মানুষ এখন সৌদি প্রো লিগ দেখছে। আমি বিশ্বাস করি লিগটি তার বিকাশের ধারা অব্যাহত রাখবে এবং ইউরোপীয় লিগ থেকে আরো অনেক খেলোয়াড় এখানে খেলতে আসবে।











































