দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।।
কুষ্টিয়ার দৌলতপুরের মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়া বাজারে বুধবার বিকেলে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ২২ জন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে হাটখোলাপাড়া গ্রামে ফরিদ সরদারের গরু বজলু মালিথার পাট ক্ষেতে যায়। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মাঝে ঝগড়া হয়। পরে আজ বুধবার বিকেল ৫টার দিকে হাটখোলাপাড়া বাজারে মালিথা ও সরদার বংশের লোকজনের মধ্যে ফের এ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয় এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ভ্যালোশ মালিথা (৪০) ও বজলু মালিথা (৪২) নিহত হন। সংঘর্ষের ফলে হাটখোলাপাড়া বাজার ঘণ্টাব্যাপী রণক্ষেত্রে পরিণত হয়।
পরে গুরুতর আহত জালাল মালিথাকে (৫৫) রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান তিনজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। হাটখোলাপাড়া বাজারে পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানান ওসি। সংঘর্ষের ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।











































