স্টাফ রিপোর্টার।।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়া ৫ মেয়র প্রার্থীর মধ্যে জামানত হারাচ্ছেন ৩ মেয়র প্রার্থী। তারা হলেন- জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন ও স্বতন্ত্র এস এম শফিকুর রহমান মুশফিক।
ঘোষিত ফলাফল অনুযায়ী, এবারের সিটি নির্বাচনে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৯৩৬ জন। যার মধ্যে ১ হাজার ৬৫৯ ভোট বাতিল হয়েছে। আর বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ২৭৭। ভোট প্রদানের হার ৪৮ দশমিক ১৭ শতাংশ।
নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হবে। সে অনুযায়ী কেসিসি নির্বাচনে ৩২ হাজার ২৪২ ভোটের কম পাওয়ায় ৩ মেয়র প্রার্থী জামানত হারাচ্ছেন।
ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট। মেয়র প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু লাঙল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭৮ ভোট, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৬ এবং স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ২১৮ ভোট।
গত ১২ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণ শেষে রাত ৯টার দিকে মেয়র পদে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউিদ্দন।











































