স্টাফ রিপোর্টার।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের আয়োজনে আজ ১৩ জুন (মঙ্গলবার) থেকে ‘টেকনিক্স অব মলিকুলার বায়োসায়েন্স’ শীর্ষক তিন দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘সারফেস ডিসপ্লে অফ ফাইটেজ ইন দ্য ইস্ট সেল ওয়াল এন্ড ইটস্ অ্যাপ্লিকেশন ইন অ্যানিমাল ফিড অ্যাজ এনজাইম সাপ্লিমেন্ট’ শীর্ষক প্রকল্পের অধীনে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।
সকাল ১০.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. রায়হান আলী ও প্রফেসর ড. খন্দকার মোয়াজ্জেম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. মোরসালিন বিল্লাহ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম। সংশ্লিষ্ট প্রকল্প সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন প্রকল্পের মুখ্য গবেষক প্রফেসর ড. শেখ আমির হোসেন।
বক্তারা বলেন, মলিকুলার বায়োসায়েন্সের প্রয়োগ ব্যাপক ও বিস্তৃত। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা মলিকুলার বায়োসায়েন্স সম্পর্কে হাতেকলমে জ্ঞান অর্জন করতে পারবে। এ প্রশিক্ষণ তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা এবং বায়োসায়েন্টিস্ট হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক অমিত সরদার। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধনী দিনে খুলনা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পুনর্নির্বাচিত খুলনার সিটি মেয়রকে
খুবি উপাচার্যের অভিনন্দন
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে পুনরায় নির্বাচিত হওয়ায় আলহাজ্ব তালুকদার আব্দুল খালেককে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, খুলনাবাসীর আস্থার জায়গা থেকে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন তালুকদার আব্দুল খালেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এর নেতৃত্বে খুলনায় যে উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে তা আরও গতিশীল করতে এই জয় অত্যন্ত ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন- তাঁর নেতৃত্ব অচিরেই খুলনা একটি আধুনিক, পরিচ্ছন্ন, জলাবদ্ধতামুক্ত স্মার্ট নগরীতে পরিণত হবে। একই সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডে অতীতের ন্যায় দিক-নির্দেশনা ও পরামর্শ দিয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য পুনরায় নির্বাচিত সিটি মেয়রের কর্মমেয়াদের সাফল্য কামনা এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।










































