বেনাপোল প্রতিনিধি।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এক হাজার ২০০ কেজি হাড়িভাঙ্গা আম উপহার পাঠিয়েছেন। সোমবার বেলা ১২টার দিকে বেনাপোল পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি গেটের নোম্যান্সল্যান্ডে আম খালাস প্রক্রিয়া সম্পন্ন হয়।
আম খালাস প্রক্রিয়ার সময় উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি (উপ) কমিশনার তানভীর আহম্মেদ, বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সুব্রত কুমার চক্রবর্তী, ভারতের পেট্রাপোল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার গিরিধারি সারেঙ্গী।
আমগুলো বেনাপোল বন্দর থেকে গ্রহণ করেন ভারতে নিযুক্ত কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাসের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (একাউন্ট) কাউসার সারোয়ার। পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে আমের চালানটি হস্তান্তর করেন। সোমবার সকালে সড়কপথে বেনাপোল স্থলবন্দরের চেকপোস্টে উপহারের আম পৌঁছায়।
ভারতের কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাসের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (অ্যাকাউন্ট) কাউসার সারোয়ার বলেন, দুই দেশের সম্পর্কের স্মারক হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতো এবারও কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন। এর মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমরা আশা করি।











































