Home আঞ্চলিক কেশবপুরে রবি-১ ও জেআরও ৫২৪ পাটের বাম্পার ফলনের সম্ভাবনা

কেশবপুরে রবি-১ ও জেআরও ৫২৪ পাটের বাম্পার ফলনের সম্ভাবনা

134

 

আলমগীর হোসেন ।।
যশােরের কেশবপুরে পাট চাষে কৃষি অফিসের দেওয়া লক্ষ্যমাত্রার চেয়ে ৯০ হেক্টর জমিতে বেশী আবাদ হয়েছে এবং রবি-১ ও জেআরও ৫২৪ জাতের পাটের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।

সরজমিনে উপজেলার বিভিন্ন এলাকার ফসলী মাঠ ঘুরে দেখাগেছে, আগাম ও নাবিতে দুই ভাবে পাটের আবাদ করেছেন কৃষকেরা। ফেলে রাখা জমিতে আগাম পাটের বীজ বপন করেছেন। যারা বােরাে ধান কাটার পরে পাট আবাদ করবে তারা বীজবপন করলে নাবি হবে বলে পাটের চারা রােপন করেছেন। তাছাড়া এই পদ্ধতির পাট চাষে খরচ কম হওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে রােপণ পদ্ধতিতে পাটের আবাদ। অল্প খরচে অধিক ফলন, সমান দূরত্বে রােপণের কারণে গাছ ছােট বড় হওয়ার সম্ভাবনা কম, নিড়ানীর সুবিধার কারণে আধুনিক এ পদ্ধতির পাট চাষে ঝুকছেন এলাকার চাষীরা।

জানাগেছে, প্রাচীন কাল থেকে এ উপজেলায় পাটের আবাদ হয়ে আসছে। তবে সরকারের বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে পাট বিক্রির ভরা মৌসুমে কৃষকরা এর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানান অনেক কৃষক। ফলে উৎপাদন খরচ কমাতে ও অধিক ফলন পেতে উদ্ভাবন করেন রোপণ পদ্ধতির পাটের আবাদ। পরীক্ষামূলক এ আবাদে কৃষকেরা বাম্পার ফলন পায়। উপজেলার ভালুকঘর, মজিদপুর, মঙ্গলকােট, বিদ্যানন্দকাটি ,সাগরদাঁড়ি, কেশবপুর সদর ইউনিয়নের অধিকাংশ কৃষকেরা এ পদ্ধতির পাট চাষে ঝুঁকে পড়েছে। অধিকাংশ কৃষক ক্ষােভের সাথে বলেন, পাটের পাটকাঠি একটি উৎকৃষ্টমানের জ্বালানী হিসেবে পরিচিত। খরচ না উঠলেও অনেকে জ্বালানীর জন্য পাটের আবাদ করে থাকেন।

কাস্তা গ্রামের কৃষক আব্দুল মান্নান বলেন, তিনি গত ৫ বছর ধরে এ পদ্ধতিতে পাটের আবাদ করছেন। এ বছর দেড় বিঘা জমিতে পাট চাষ করেছেন। তিনি আরাে বলেন, ১৫ চৈত্র বৃষ্টিপাত হওয়ায় ধানের বীজ তলার মত পাটের বীজতলা তৈরী করে বীজ বপন করেন। ২২/২৩ দিন বয়সের চারা তুলে ক্ষেত তৈরী করে নির্দিষ্ট ব্যবধানে সেখানে পাটের চারা রােপণ করেন। চারার বয়স ১০ দিন হলে ইউরিয়া সার উপরি প্রয়ােগ করেন। তার পাট মাঠের মধ্যে সেরা হওয়ায় তিনি বাম্পার ফলনের আশা করছেন। তবে পাটের বর্তমান যে বাজার আছে তা যদি থাকে তবে তিনি লাভবান হবেন।

কৃষি অফিসের দেওয়া তথ্যসুত্রে জানাগেছে, এ উপজেলায় তিন ধরনের উচ্চ ফলনশীল জাতের পাশা-পাশি দেশীয় জাতের পাটের আবাদ হয়েছে। এর মধ্যে উচ্চ ফলনশীল জাতের জেআরও ৫২৪ জাতের পাট আবাদ হয়েছে ৪ হাজার ৭০০ হেক্টর, রবি-১ জাতের ৩’শ ২৪ হেক্টর, দেশী জাতের গুটি পাট আবাদ হয়েছে ৫ হেক্টর ও অন্যান্য জাতের ৭১ হেক্ট জমিতে পাটের আবাদ হয়েছে।

উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার বলেন, উচ্চ ফলনশীল রবি-১, জেআরও ৫২৪ জাতের পাট আবাদ বেশী হয়েছে। এ বছর পাটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫ হাজার ১০ হেক্টর জমি। কিন্তু মৌসুমের শুরুতেই পাট চাষের জন্য আবহাওয়া অনুকুলে থাকায় অর্জিত হয়েছে ৫ হাজার ১০০ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৯০ হেক্টর বেশী জমিতে আবাদ হয়েছে।