Home খেলাধুলা ফুটবলকে বিদায় জানালেন ইব্রা

ফুটবলকে বিদায় জানালেন ইব্রা

10

স্পোর্টস ডেস্ক।।

ফুটবল বিশ্বে জ্লাতান ইব্রাহিমোভিচকে ঠোঁটকাটা হিসেবেই বেশি চেনা যায়। বয়স ৪১ পেরিয়ে গেলেও স্বমহিমায় খেলে যাচ্ছিলেন। অবশেষে অনেকটা হুট করেই পথচলা থামানোর ঘোষণা দিলেন সুইডিশ তারকা। সবধরনের ফুটবলকে বিদায় জানালেন তিনি।

চলতি মৌসুমেই ইতালিয়ান ক্লাব এসি মিলানের সঙ্গে ইব্রার চুক্তি শেষ। রোববার মৌসুমে মিলানের শেষ ম্যাচ দিয়েই ইতি টানলেন ২৪ বছরের পেশাদার ক্যারিয়ার। সমাপ্তি হলো সাফল্য আর বিতর্কে ভরপুর বর্ণাঢ্য এক অধ্যায়ের।

এর আগে ১৯৯৯ সালে স্বদেশী ক্লাব মালমে এফএফ দিয়ে ক্যারিয়ার শুরু করেন। এরপর আয়াক্স হয়ে খেলেছেন জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলান, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, এলএ গ্যালাক্সিতে।

এরপর ২০১৯ সালের ডিসেম্বরে দ্বিতীয় দফায় মিলানে ফেরেন ইব্রা ৬ মাসের চুক্তিতে। সেই অধ্যায়কে দীর্ঘায়িত করে শেষ পর্যন্ত থামলেন তিনি এখানেই।

 

মিলানের গত মৌসুমে লিগ শিরোপা জয়ে অবদান রাখেন এই তারকা। তবে এই মৌসুমে চোটের কাছে পর্যদুস্ত হয়ে মাঠে থাকতে পারেননি নিয়মিত। বিদায় বেলায় সান সিরোর দর্শকদের ভালোবাসায় অবশ্য সিক্ত হলেন তিনি। এল্‌লাস বেরোনার বিপক্ষে ৩-১ গোলের জয়ে গ্যালারিতে দর্শকরা তাকে অভিবাদন জানান।

ইব্রা বিদায়ী ম্যাচ শেষে বলেন, ‘এমনকি আমার পরিবারও এটি জানত না… কারণ আমি চেয়েছিলাম, যখন অবসরের ঘোষণা দেব, সবাই একসঙ্গেই তা জানতে পারবে।’

ম্যাচ শেষে বিদায়ী আয়োজন ছিল ইব্রাহিমোভিচের জন্য। সতীর্থ ও স্টাফরা তাকে ‘গার্ড অব অনার’ দেয়। এসময় আবেগ স্পর্শ করে ইব্রাহিমোভিচকেও। তার চোখে দেখা যায় জল। মিলানের সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “ফুটবলকে বিদায় বলছি, তবে আপনাদেরকে নয়। প্রথমবার যখন এখানে এসেছিলাম, তখন আপনারা আমাকে খুশি করেছিলেন। দ্বিতীয় দফায় আপনারা আমাকে উপহার দিয়েছেন ভালোবাসা।’

পেশাদার ক্যারিয়ারে ৯৮৮ ম্যাচে ৫৭৩ গোল করেছেন ইব্রা। ট্রফি জিতেছেন ৩২টি। তবে চ্যাম্পিয়নস জয়ের স্বাদ পাননি কখনো। সেই ১৯৯৯ সাল থেকে শুরু করে প্রতি বছরই অন্তত একটি করে গোল করেছেন। লিগ ম্যাচে গোল করেছেন ভিন্ন চারটি দশকে। ৯০ মিনিটের প্রতি মিনিটেই গোল করার কৃতিত্ব আছে তার।

৬২ গোল করে তিনি সুইডেনের ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরার তিনি। ২০১৬ ইউরোর পর জাতীয় দলকে বিদায় বলেছিলেন তিনি। তবে ফিরে আসেন ২০২১ সালে। দলকে বিশ্বকাপ বাছাইয়ের বৈতিরণী অবশ্য পার করাতে পারেননি।