ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি ।।
কুষ্টিয়ার মিরপুর উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে বিষধর গোখরো সাপ উদ্ধার করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের স্টোর রুম থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে এটি সাপুড়েরা নিয়ে যান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জামশেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সাপুড়ে লিটন জানান, সকালে উপজেলার সমাজসেবা অফিসের স্টোর রুমে পুরোনো নথিপত্রের ভেতর থেকে একটি বিষধর গোখরো সাপ উদ্ধার করা হয়। সাপটি আকারে প্রায় আড়াই হাত হবে। বর্তমানে সাপটি আমার হেফাজতে রয়েছে।
তিনি আরও জানান, গোখরোটি উদ্ধারের পর পুনরায় অফিস কক্ষ তল্লাশি করা হয়। তবে সেখানে আর কোনো সাপ পাওয়া যায়নি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জামশেদ আলী জানান, রোববার সকালে অফিস কক্ষের স্টোর রুম খুলে কাগজপত্রের ফাঁকে বিষধর গোখরো সাপটি দেখতে পাওয়া যায়। পরে স্থানীয় সাপুড়েদের খবর দেওয়া হয়। সাপুড়েরা এসে স্টোর রুম থেকে সাপটি উদ্ধার করে নিয়ে যান।
তিনি আরও জানান, অফিস কক্ষটি নিচু স্থানে হওয়ায় কোথাও থেকে বিষধর গোখরো সাপটি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।











































