Home আঞ্চলিক অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত কেসিসি ভোটের মাঠ

অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত কেসিসি ভোটের মাঠ

17

ইয়াসিন আহমেদ জীবু।।

খুলনা সিটি কর্পোরেশন-কেসিসি নির্বাচনে জয় লাভ করার লক্ষ্যে কালো টাকা ছড়াচ্ছেন নৌকার প্রার্থী খালেক বলে অভিযোগ তুলেছেন লাঙ্গলের প্রার্থী মধু। নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এ কথা বলেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু।

 

ভোটারদের প্রভাবিত করতে কালো টাকা ও পেশিশক্তি ব্যবহারের অভিযোগ ও পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে কেসিসির নির্বাচনী মাঠ। গত ৩ জুন সকালে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল, বানরগাতি বাজার ও ১৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ কালে খালেকের বিরুদ্ধে এ অভিযোগ করেন মধু। মধু বলেন, আমার ব্যাংক একাউন্ট শূন্য আমার কোনো টাকা নেই। অনেক দলের দেখছি প্রতি ওয়ার্ডে ২০০-৩০০ কর্মী নির্বাচনী কাজ করছে। নির্বাচন কমিশনের বাজেটে এ খরচ সম্ভব নয়। এই টাকার উৎস কোথায়, নাকি তারা আলাদিনের চেরাগ খুঁজে পেয়েছে। দেখেন কোথায় কোন বাক্স আছে তাদের। এটার সঠিক তদন্ত করা উচিৎ।

তিনি আরো বলেন, নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হচ্ছে। অনেক লোক লাগানো আছে। মাথা খারাপ হয়ে গেছে তার। এই নির্বাচনে যেভাবেই হোক তাকে জিততেই হবে। এখন আধুনিক যুগ, এখন বয়স হলে মানুষ একটু এলোমেলো হয়। আমার তো অতো বয়স হয়নি। আমি তালুকদার আব্দুল খালেককে বলবো আমারে যেনো এবার ছেড়ে দেয়। আওয়ামীলীগ যেন আমারে ভোট দেয়। দেখি কিভাবে সিটি কর্পোরেশন চালানো যায়।

 

অপরদিকে নগরীর বানরগাতি বাজার, মেটে পোল, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক। এসময় তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত বলে উলেখ করেন। কালো টাকার অভিযোগের পাল্টা জবাবে তিনি বলেন, খুলনায় কোনো কালো টাকার ছড়াছড়ি নেই। কেউ প্রমাণ দিতে পারবে না। আমি তো খুলনা শহরে উন্নয়নের কাজ করেছি। টাকার দরকার নেই। মধুর মতো প্রার্থীর পক্ষেই এই ধরনের মিথ্যা অভিযোগ করা সম্ভব। উনাদের কাছে টাকা থাকলে ছড়াতে পারে। আমি কোনো কালো টাকা ছড়াছড়ির মধ্যে নেই।

 

 

এদিকে নগরীর মিস্ত্রীপাড়া বাজার, নিউমার্কেটসহ ২৭ ও ১৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন হাতপাখার প্রার্থী আব্দুল আউয়াল। এসময় তিনি বলেন, ভোটাররা কালোটাকা ও পেশী শক্তির দ্বারা প্রভাবিত না হয়ে নিজেদের বিবেচনা অনুযায়ী সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবে।

১২ জুন কেসিসি নির্বাচনের বাকি আছে মাত্র ৭ দিন। নির্বাচনী প্রচারণায় ব্যস্ততম সময় পার করছেন প্রার্থীরা। প্রচারণার মাঝে প্রার্থীদের মাঝে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে কেসিসি ভোটের মাঠ।