স্টাফ রিপোর্টার।।
খুলনার ভৈরব ও রূপসা নদীতে নৌভ্রমণে চালু হয়েছে রিভার ক্রুজ। ব্যক্তিগতভাবে, বন্ধুবান্ধব অথবা পরিবারের সদস্যদের নিয়ে পাঁচ ঘণ্টার এ ভ্রমণে খরচ হবে জনপ্রতি ৫৫০ টাকা। এই প্যাকেজে বিকেলের নাশতা ও রাতের খাবারের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করা যাবে।
সংশ্লিষ্টরা জানান, খুলনা নগরী সংলগ্ন রূপসা ও ভৈরব নদীতে ১২ মে থেকে চালু হয়েছে এ রিভার ক্রুজ। এর উদ্যোক্তা বিউটিফুল বাংলাদেশ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী শামস তিবরীজ রাসেল।
রাসেল জানান, তিনি লঞ্চ ভাড়া নিয়ে এই ভ্রমণ প্যাকেজ পরিচালনা করছেন। এতে নগরীর ৪ নম্বর ঘাট থেকে রূপসা সেতু ও রূপসা রেল সেতু পার হয়ে কাজীবাছা নদী পর্যন্ত নৌভ্রমণের পাশাপাশি রয়েছে বিকেলের নাশতা, দু’বার চা ও রাতে লাইভ বারবিকিউ ডিনার। এ ছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে লাইভ মিউজিক, ফানুস ওড়ানো অথবা আতশবাজি। বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ নৌভ্রমণ চলবে ৫ ঘণ্টাব্যাপী।
তিনি বলেন, চট্টগ্রাম ও সিলেটে এ ধরনের ক্রুজে জনপ্রতি ২ হাজার টাকা এবং ঢাকায় আড়াই হাজার টাকা করে নেওয়া হয়। খুলনার মানুষকে আকৃষ্ট করতে তিনি মাত্র ৫৫০ টাকায় এটি পরিচালনা করছেন। ভবিষ্যতে খাবারের মেন্যু আরও ভালো করার পরিকল্পনা রয়েছে। তিনি মূলত গত ১১ বছর ধরে সুন্দরবনে পর্যটকদের নিয়ে ট্যুর পরিচালনা করেছেন।
এ ধরনের উদ্যোগের বিষয়ে রাসেল বলেন, আমাদের খুলনায় আসলে বিনোদনের তেমন ভালো জায়গা নেই। ঘুরতে যাওয়া মানে নিউমার্কেট, সাত নম্বর ঘাট, রূপসা সেতু ছাড়া আমাদের তেমন জায়গা নেই। তাই বিনোদনপ্রেমী মানুষের কথা ভেবে এ ডিনার ক্রুজের ব্যবস্থা চালু করেছি। ব্যক্তিগত বা পরিবারের সদস্যদের নিয়ে নৌবিহারের পাশাপাশি করপোরেট গ্রুপের সভা, জন্মদিন, গায়েহলুদসহ বিভিন্ন প্রোগ্রামের জন্যও বুকিং নেওয়া হবে।
খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব বাবুল হাওলাদার বলেন, খুলনাবাসীর জন্য এটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ। মানুষের বিনোদনের জন্য ভালো সুযোগ তৈরি হলো।











































