স্টাফ রিপোর্টার।।
জাতীয় পার্টির সাবেক আলোচিত নেতা এসএম মুশফিকুর রহমান খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে এবার স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শনিবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করে তিনি বলেন, ইভিএম কিংবা ব্যালট বড় বিষয় নয়, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চাই। মানুষ যেন তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।
লিখিত বক্তব্যে মুশফিকুর রহমান বলেন, বর্তমানে খুলনা সিটিকে কেউ কেউ উন্নয়নের মডেল বলছেন। কিন্তু আসলে কি সঠিক উন্নয়ন হয়েছে– এ প্রশ্ন আজ হাজারো মানুষের। সরকার ও দাতা সংস্থা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য শত শত কোটি টাকা দিয়েছে। কিন্তু সেই উন্নয়ন আগামী দিনে জনভোগান্তিতে রূপ নিতে যাচ্ছে।
তিনি বলেন, আমি গুণগত পরিবর্তন চাই। নগরভবন হবে জনবান্ধব। নাগরিকদের সম্মান রক্ষাই হবে আমার প্রথম অঙ্গীকার। সেই সঙ্গে জলবায়ুজনিত কারণে বিশ্বের ঝুঁকিপূর্ণ দ্বিতীয় শহর খুলনাকে টেকসই ও পরিবেশ সম্মত উন্নয়নের স্বপ্নের দ্বারে নিয়ে যেতে চাই। খুলনাকে বসবাস উপযোগী নগরী করতে চাই।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুশফিকুর রহমান বলেন, জনপ্রতিনিধি রাস্তায় গিয়ে ইটের সঙ্গে ইট মেরে পরীক্ষা করেন। পরীক্ষা করার জন্য কেসিসিতে কি অভিজ্ঞ জনবল নেই? এটা স্টান্ডবাজি ছাড়া কিছুই নয়।











































