ঢাকা অফিস।।
গবেষণা সংস্থা- সানেম বলছে, কেবল বৈশ্বিক প্রভাব নয়, বরং বাংলাদেশে অতিরিক্ত মূল্যস্ফীতির বড় কারণ- ব্যবস্থাপনায় ত্রুটি ও বাজারে প্রভাবশালী ব্যবসায়ীদের আধিপত্য। এ অনুষ্ঠানে জানানো হয়, মূল্যস্ফীতির চাপ সামাল দিতে প্রায় ৯৭ ভাগ দরিদ্র মানুষ মাংস খাওয়া কমিয়ে দিয়েছে। সেই সাথে নব্বই শতাংশ দরিদ্র মানুষ তাদের খাদ্যাভাসে পরিবর্তন এনেছে।
নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন উর্ধ্বগতিতে চিড়েচ্যাপ্টা অনেকের জীবন। সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ছে নিম্নবিত্ত মানুষের খাবার খরচের উপর। ব্যয় সংকুলানে খাদ্য তালিকা থেকে শহরাঞ্চলের অধিকাংশ দরিদ্র পরিবার বাদ দিচ্ছে আমিষ ও প্রোটিনের মত প্রয়োজনীয় খাদ্য উপাদান। এ অবস্থায় নিম্নবিত্ত মানুষের জীবনধারা নিয়ে জরিপ কার্যক্রম পরিচালনা করে গবেষণা সংস্থা- সানেম। বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে জরিপ রিপোর্টে বিগত ৬ মাসের চিত্র তুলে ধরা হয়।
সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান সংবাদ সম্মেলনে জানান, গেলো ছয় মাসে শহরাঞ্চলের নিম্নবিত্তের খাবার খরচ বেড়েছে ১৯ শতাংশ। এসময় খাদ্য নিরাপত্তা নিয়েও দরিদ্র মানুষের শংকার বিষয়টি তুলে ধরা হয়। মূল্যস্ফীতির কারণ হিসেবে তদারকি সংস্থার দুর্বলতাসহ ও অসৎ ব্যবসায়ীদের কারসাজিকে দায়ী করা হয় সংবাদ সম্মেলনে।
অনুষ্ঠানে জানানো হয়, খাদ্যপণ্যের পাশাপাশি চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যয়ের সক্ষমতা হারিয়েছে অধিকাংশ দরিদ্র পরিবার।











































