কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি।।
ঝিনাইদহের কালীগঞ্জে নির্মাণের একদিন না পেরোতেই উঠে যাচ্ছে নতুন রাস্তার পিচ। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে নির্মানের পরই রাস্তাটি পিচ উঠে যাচ্ছে।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি) এর আওতায় সিংগী বাজার থেকে চাপরাইল বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পিচ ঢালাই করা হয়। ৮১ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে কাজটি পায় ঝিনাইদহের ঠিকাদার নিশিত বসু। পরবর্তীতে নিশিত বসুর কাছ থেকে কাজটি নেন ঝিনাইদহের রাশেদ হোসেন নামের এক ব্যক্তি। তিনিই কাজটি দেখাশোনা করেন।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে রাস্তাটি নির্মাণের কাজ শুরু করা হয়। গত সোমবার বিকেলে কাজটি শেষ হয়। রাস্তাটিতে নিম্নমানের ইট, বিটুমিন ব্যবহার করা হয়েছে। ঠিকাদার রাস্তার অনেক স্থানে পিচের পরিবর্তে টায়ার জ্বালিয়েও ব্যবহার করেছে বলে তাদের অভিযোগ। এ ছাড়া অপরিষ্কার রাস্তায় পিচ দেওয়ার কারণে এগুলো উঠে যাচ্ছে। হাত দিয়েই তুলে ফেলা যাচ্ছে পিচ। দুই দিনেও পিচ ও খোয়া জমাট বাঁধেনি।
সরেজমিনে সিংগী বাজার এলাকায় গিয়ে দেখা যায়, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির প্রতিবাদ জানিয়ে স্থানীয়রা বিক্ষোভ করছেন। এ সময় তারা হাত দিয়ে পিচ উঠে যাওয়ার দৃশ্য দেখান। পুনরায় এ রাস্তা নির্মাণের দাবি জানান এবং এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান তারা।
সিংগী বাজার এলাকার সুজয় সাহা জানান, রাস্তায় পিচ দেওয়ার এক দিনের মাথায় উঠে যাচ্ছে। এমন রাস্তা করার চেয়ে না করাই ভালো। ভ্যানসহ বিভিন্ন যানবাহনের চাকার সঙ্গে পিচ উঠে যাচ্ছে।
একই এলাকার তপন কুমার ঘোষ বলেন, মঙ্গলবার সকালে ভ্যান যাওয়ার সময় চাকার সঙ্গে পিচ উঠে যাচ্ছিল। এ সময় কয়েকজন রাস্তায় হাত দিলে পিচ উঠতে থাকে। এমন রাস্তা জীবনেও দেখেননি।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি রাশেদ হোসেন দাবি করেন, পিচ জমাট বাঁধতে সময় লাগে। সম্প্রতি নির্মাণ সামগ্রীর দাম অনেক বেড়ে গেছে। সেদিকটা বজায় রেখেই তারা রাস্তার কাজ শেষ করেছেন এবং ইঞ্জিনিয়ারকে বুঝিয়ে নিয়েছেন। এখন তার কিছুই করার নেই।
উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, রাস্তা পিচ জমাট বাধতে একটু সময় লাগে। তবে অভিযোগ উঠায় রাস্তাটি দেখে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।











































