ঢাকা অফিস।।
গেজেট প্রকাশের পরও নির্বাচন কমিশনের হাতে ভোট বাতিলের ক্ষমতা রেখে কয়েকটি প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের কাজে বাধা দিলে সর্বোচ্চ সাত বছর শাস্তির প্রস্তাব রাখা হয়ে হয়েছে সংশোধনীতে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনে আসনভিত্তিক রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেয়ার আগের দিন পর্যন্ত ইউটিলিটি বিলের কপি জমা দেয়ার সুযোগ থাকছে পাশাপাশি প্রার্থীদের টিআইএন সনদ ও আয়করের রসিদ জমা দিতে হবে।
এছাড়া, ব্যক্তির ভূমি উন্নয়ন কর এখন থেকে অনলাইনে জমা নেবে সরকার। এমনকি করের পরিমাণও জানিয়ে দেয়া হবে। মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সমন্বয় ও সংস্কার মো. মাহমুদুল হোসাইন খান জানান, এক কোটি টাকা সর্বোচ্চ জরিমানার বিধান রেখে ব্যাংক কোম্পানি সংশোধন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। নির্ধারিত সময়ে মধ্যে খেলাপি ঋণ পরিশোধে ব্যর্থ হলে ঋণ গ্রহীতাকে প্রতিদিন এক লাখ টাকা করে জরিমানার বিধান রাখা হয়েছে।
নির্বাচনে গণমাধ্যমকর্মীদের বাধা দিলে ৭ বছরের জেল
নির্বাচনের সময় গণমাধ্যমকর্মীদের বাধা দিলে ২ থেকে ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে ‘গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইন, ২০২৩’ নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মঙ্গলবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এ তথ্য জানান।











































