Home আঞ্চলিক বেনাপোল পৌরসভার সাবেক মেয়রের বিরুদ্ধে ঝাঁটা মিছিল

বেনাপোল পৌরসভার সাবেক মেয়রের বিরুদ্ধে ঝাঁটা মিছিল

47

বেনাপোল প্রতিনিধি।।
সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের দুর্নীতি, লুটপাট ও অর্থ আত্মসাতের বিষয়ে তদন্তপূর্বক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ সময় মহিলারা ঝাঁটা নিয়ে বিক্ষোভ মিছিলে যোগ দেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এসব কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক কমিটি। বিক্ষোভ মিছিল বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে বেনাপোল পৌরসভা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান, বেনাপোল পৌর যুবলীগের আহ্বায়ক আহাদুজ্জামান বকুল ও যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন বেনাপোল পৌরবাসীর পক্ষে মোস্তাক হোসেন ও শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক ইকবাল হোসেন রাসেল প্রমুখ।

এ সময় বেনাপোল পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান জানান, বেনাপোলের সাবেক পৌর মেয়র একজন দুর্নীতিগ্রস্ত মানুষ। তিনি বেনাপোল পৌরসভার সীমানা জটিলতার নামে আদালতে মিথ্যা মামলা করে গত ১২ বছর ধরে মেয়র হিসাবে ক্ষমতা আঁকড়ে থাকার পর ২০২২ সালে বেনাপোল পৌরসভায় পৌর প্রশাসক নিয়োগ হয়। এক বছর পর সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের থলের বিড়াল বের হতে চলেছে। তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি টেন্ডারবাজিসহ নানা অভিযোগ রয়েছে।

বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন স্বাক্ষরিত এক পত্রে দেখা গেছে, ১৪২৮ বাংলা সালের জন্য ভ্যাট আয়করসহ ৫০ লাখ ৪০ হাজার ১২০ টাকা পরিশোধ করে ট্রাক টার্মিনালের টোল আদায় ও ইজারা গ্রহণ করেন মেয়র লিটনের ফুফা মোহাম্মদ আলী।

অহিদুজ্জামান অভিযোগ করে বলেন, ১৪২৭ বাংলা বছরের ট্রাক টার্মিনালের ইজারা বাবদ কোনো টাকা জমা না দিয়েই দীর্ঘদিন ধরে মেয়রের আত্মীয় বহাল তবিয়তে টোল আদায় করে যাচ্ছেন। এসব দুর্নীতির সঙ্গে সরাসরি মেয়র জড়িত রয়েছে। তাছাড়া সাবেক মেয়রের বিরুদ্ধে বেনাপোল পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। এ সময় সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তি দাবি করেন তিনি।

এ ব্যাপারে সাবেক মেয়র আশরাফুল আলম লিটন বৃহস্পতিবার দুপুর ২টায় সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অপপ্রচার শুনছেন এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি বলেন, যখন পৌরসভার দায়িত্ব নিয়েছিলাম তখন পৌরসভার একটু জায়গা ছিল না। বিগত দীনে পৌরসভার যে উন্নয়ন হয়েছে সেটার সাক্ষী পৌরবাসী। তার দাবি একটি কুচক্রী মহল তার সম্মান ক্ষুণ্ণ করার জন্য এসব অপপ্রচার করছে।