মোঃ রেজাউর রহমান তনু,কুষ্টিয়া ।।
কুষ্টিয়ার দৌলতপুর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার কাজল হোসেন (৪২) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে নিহতের বাড়ির পাশে সর্দারপাড়া মোড়ে তাকে ধারালো হাসুয়া দিয়ে পিঠে ও ঘাড়ে কুপিয়ে জখম করে তারই প্রতিপক্ষের লোকজন। পরে সেখান থেকে উদ্ধার করে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোর ৫টার দিকে হাসপাতালেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও হত্যার সঙ্গে জড়িত ১ জনকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।
নিহত কাজল হোসেন দৌলতপুর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের নেতা এবং একই এলাকার মো. সুন্নতের ছেলে তিনি।
নিহতের ছোট ভাইয়ের স্ত্রী আরিফা খাতুন বলেন, ঘটনার পর থেকেই আশংকাজনক অবস্থায় ছিলেন কাজল মেম্বর। শরীরে স্যালাইন চলছিল। ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের প্রতিবেশী মহব্বত হোসেন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ও প্রভাব বিস্তার নিয়ে সর্দারপাড়ার লোকজনের সঙ্গে কাজলের বিরোধ ছিলো। এর প্রেক্ষিতে তারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি চাই।
দৌলতপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে এবং একজন কে আটক করা হয়েছে , পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীদের বিচারের আওতায় আনা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।











































