ঢাকা অফিস।।
দেশে ২০২২ সালে ধর্ষণের শিকার হয়েছেন ৪ হাজার ৩৬০ জন নারী। এর মধ্যে ৪৫০ জনকে আবার ধর্ষণের পর হত্যা করা হয়েছে। একইসময়ে সারা দেশে সহিংসতার শিকার হয়েছেন ৯ হাজার ৭৬৪ জন নারী। আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষে সোমবার (৬ মার্চ) ‘মিডিয়া অ্যাডভোকেসি’ শীর্ষক এক সভায় এ সব তথ্য জানায় বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউস।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং পুলিশ সদর দফতরের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সভায় লাইট হাউসের নির্বাহী প্রধান মো. হারুন আর রশিদ জানান, শুধু যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হয়েছেন ২ হাজার ৬৭৫ জন। যৌতুক না পেয়ে আবার এদের ১৫৫ জনকে হত্যা করা হয়েছে। এ সময়ে অপহরণের শিকার হয়েছেন ১৫৫ জন।
তিনি বলেন, আইন ও সালিস কেন্দ্র (আসক) ৯টি পত্রিকা ও কিছু নিউজ পোর্টালে প্রকাশিত খবরের ভিত্তিতে একটি প্রতিবেদন করেছে যেখানে দেখা যায়, ২০২২ সালে ৩ হাজার ১৮৪টি নারী ও শিশু নির্যাতনের খবর প্রকাশিত হয়েছে যার ৬৪ শতাংশই ধর্ষণের খবর।
তিনি বলেন, নারী নির্যাতনের ঘটনাগুলো গুরুতর না হলে সেগুলো গণমাধ্যমে আসে না। তাই অনেক সময় নারী নির্যাতনের খবরগুলো চাপা পড়ে যায়।
সভায় জানানো হয়, সাম্প্রতিক মাসগুলোতে অনলাইনে নারী ও শিশুদের প্রতি সাইবার অপরাধ ব্যাপক হারে বেড়ে গেছে।
পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন (পিসিএসডব্লিইউ) এর দেয়া তথ্যে দেখা যায়, ২০২২ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ভুয়া আইডি, আইডি হ্যাক, ব্ল্যাকমেলিং, মোবাইল ফোনে হয়রানি, আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে দেয়া ইত্যাদি অভিযোগ করেছেন ৮ হাজার ৭১৫ জন নারী।
একইসঙ্গে পাঁচ বছর আগের তুলনায় গত বছর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাসে গড়ে ৩৫০টি মামলা বেশি হচ্ছে।
সভায় নারীপক্ষের পরিচালক অ্যাডভোকেট কামরুন নাহার, মহিলা ও শিশুবিষয়ক অধিদফতরের উপপরিচালক আয়েশা নার্গিস প্রমুখ উপস্থিত ছিলেন।











































