Home জাতীয় ‘আ.লীগ নেতারা আগে স্যান্ডেল পরে হাঁটত, এখন দামি গাড়িতে চড়ে’

‘আ.লীগ নেতারা আগে স্যান্ডেল পরে হাঁটত, এখন দামি গাড়িতে চড়ে’

11

ঢাকা অফিস।।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,.আওয়ামী লীগ নেতারা এত বেশি দুর্নীতি করে টাকা অর্জন করেছে যে, আগে যারা স্যান্ডেল পরে হাঁটত, এখন তারাই অনেক দামি গাড়ি রোলস রয়েসে চলে।

সোমবার (৬ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নেতাদের বেশিরভাগই এত বেশি চুরি করেছে যে, তাদের চেহারা বদলে গেছে। তারা আঙুল ফুলে কলাগাছ বনে গেছে। তাদের চেহারা, কথাবার্তা, আচার-আচরণ দেখলে মনে হয় না, দেশে কোনো সমস্যা আছে।

তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন দেশটাকে খাদের কিনারায় নিয়ে গেছে। তারা এত বেশি দুর্নীতি করেছে যে, অর্থনৈতিক খাত ধ্বংস হয়ে গেছে। ঋণের নামে ব্যাংক খাতের কোটি কোটি টাকা লোপাট করছে। সেসব হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। রিজার্ভ কমে গেছে, স্বাস্থ্য খাত ধ্বংস হয়েছে এবং শিক্ষা খাতে নৈরাজ্য সৃষ্টি করেছে।

‘নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণ সম্পর্কে অনেকেই রুশ-ইউক্রেন যুদ্ধের কথা বলেন। আসলে তা নয়। সরকারের দলীয় লোকজন এত বেশি চুরি করেছে যে, এখন দাম নিয়ন্ত্রণের ক্ষমতা তাদের নেই। সরকার দাম নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা বিদেশে ডলার পাচার করেছে বলেই ডলারের দাম বেড়েছে। বড় বড় মেগা প্রজেক্ট করছে, এর পেছনে উদ্দেশ্য একটাই, তা হলো—হাজার কোটি টাকা লুট করা।’

আওয়ামী লীগ সব সময়ই গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, দাবি করে বিএনপির মহাসচিব বলেন, মনে রাখতে হবে, ১৯৭৫ সালে আওয়ামী লীগ মাত্র ১১ মিনিটের মধ্যে গণতস্ত্র ধ্বংস করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তখন থেকে জাতীয়তাবাদ বিনষ্ট করার ষড়যন্ত্র শুরু হয়েছে।

তিনি বলেন, কিছুদিন আগেও আওয়ামী লীগ নেতারা বলতেন, বিএনপির কোমর ভেঙে গেছে। এখন তারা দুঃস্বপ্ন দেখছে, এই বুঝি বিএনপি ক্ষমতায় চলে এলো। এজন্য তারা আমাদের কর্মসূচিকে প্রতিহত করতে এমন সব কর্মসূচি দিচ্ছে, যা তাদের পক্ষে যাচ্ছে না, যা পুরোপুরি হাস্যকর।