আসলাম হোসেন।।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) খুলনা কার্যালয়ের উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে খুলনার শিরোমণি (বিআরটিএ) সার্কেল কার্যালয়ের চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা।
খুলনা বিআরটিএর পরিচালক প্রকৌশলী মো. মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেএমপির (খুলনা মেট্রোপলিটন পুলিশ) এডিসি (ট্রাফিক) বিমল কৃষ্ণ মল্লিক এবং খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক (ইঞ্জি.) প্রকৌশলী তানভীর আহমেদ।
এ সুযোগ গ্রহণ করতে সকাল থেকেই আবেদনকারীরা বিআরটিএর অফিসে ভিড় করেন। একদিনে আঙুলের ছাপ ও পরীক্ষা দিতে পেরে খুশি ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীরা।
লাইসেন্স প্রত্যাশীরা জানান, আগে লাইসেন্স পেতে পরীক্ষা নেওয়ার পর দেওয়া হতো পরীক্ষার ফলাফল। এরপর সাত থেকে দশ দিন পর পুলিশ ভেরিফিকেশন ও ডোপটেস্ট হাতে পাওয়ার সপ্তাহখানেক পর নেওয়া হতো আঙুলের ছাপ।
লাইসেন্স প্রত্যাশীদের এ ভোগান্তির কথা মাথায় রেখে স্মার্ট বাংলাদেশের বাস্তবায়ন করতে চলেছে বিআরটিএ কর্তৃপক্ষ। একদিনে আঙুলের ছাপ ও পরীক্ষা নেওয়াসহ সব কার্যক্রম শেষ করে দ্রুত সময়ের মধ্যে ড্রাইভিং লাইসেন্স হয়ে যাবে। এ লাইসেন্স আবেদনকারীর বাড়িতে পৌঁছে দেওয়া হবে।
জানা গেছে, লার্নার ড্রাইভিং লাইসেন্স এবং স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য দুটি আবেদনের পরিবর্তে অনলাইন বেইজড একটি কম্বাইন্ড ফরম বিআরটিএ সার্ভিস পোর্টালে (বিএসপি) চালু হয়েছে। এক্ষেত্রে আবেদনকারীকে লার্নার কার্ডসহ পাঁচ থেকে ছয়বারের পরিবর্তে শুধুমাত্র একবার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়া ও বায়ো-এনরোলমেন্টের জন্য আসতে হবে।
এছাড়াও এ সিস্টেম থেকে আবেদনকারীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অনলাইন ভেরিফিকেশন বেজড কিউআর কোড সংবলিত লার্নার লাইসেন্স গ্রহণ, ফি প্রদান, পরীক্ষার ফল জানা, সিস্টেম জেনারেটেড স্মার্টকার্ড আবেদন দাখিল, কিউআর কোড বেজড সিস্টেম জেনারেটেড মোটরযান চালনার অস্থায়ী অনুমতিপত্র বা একনলেজমেন্ট স্লিপ প্রাপ্তি এবং আবেদনপত্র বা কার্ড প্রস্তুতের প্রতিটি পর্যায়ে স্ট্যাটাস জানতে পারবেন। তাছাড়া ডাকযোগে স্মার্টকার্ড গ্রহণ করতে পারবেন। এই সেবা পেতে বিআরটিএ সার্ভিস পোর্টালে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখ এন্ট্রি করে ইউজার আইডি খুলতে হবে।
বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক তানভীর আহমেদ বলেন, আগে পরীক্ষার্থীদের বিআরটিএ অফিসে একাধিকবার আসতে হতো। এখন একবারই আসবেন লাইসেন্স প্রার্থী। একদিনে লাইসেন্সপ্রার্থী ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেবেন এবং একইদিনে বায়োমেট্রিক দিয়ে চলে যাবেন। এতে গ্রাহকদের সেবার মান বাড়বে। বায়োমেট্রিক একবারের জন্যই নেওয়া হবে। কিন্তু যিনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করবেন তিনি অনলাইনে ফিস জমা দেবেন। তারপর পোস্ট অফিসের মাধ্যমে গ্রাহকের কার্ড পৌঁছে দেওয়া হবে। এতে গ্রাহক স্মার্ট সেবা পাবেন।











































