Home জাতীয় সায়েন্সল্যাবে বিস্ফোরণ : নিহত ৩, হাসপাতালে ১৩

সায়েন্সল্যাবে বিস্ফোরণ : নিহত ৩, হাসপাতালে ১৩

12

ঢাকা অফিস||
রাজধানীর সায়েন্সল্যাব এলাকার মিরপুর রোডে বিস্ফোরণ হওয়া তিনতলা একটি বাণিজ্যিক ভবনের একাংশ ধসে পড়েছে। এতে ভবনের দেয়াল ভেঙে এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পাওয়া গেছে। আর এতে ১৩ জন আহতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে কয়েজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ভবনটিতে বিস্ফোরণ হয়। বর্তমানে ধসে পড়া ভবনে উদ্ধার কাজ পরিচালনা করছে ফায়ার সার্ভিস।

প্রাথমিকভাবে ঠিক কী কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে ভবনের বাসিন্দা ও পথচারীদের কেউ বলেছেন, পাশে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে পাশের ভবনটি ক্ষতিগ্রস্ত হয়।

এই বিস্ফোরণের কারণে ওই ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। নিউমার্কেট থানার ইন্সপেক্টর মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, রাজধানীর সায়েন্সল্যাবে একটি ভবনে বিস্ফোরণ হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং উদ্ধার অভিযান নির্বিঘ্ন করতে নিউমার্কেট থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেস ডিএমপির রমনা জোনের ডিসি মো. শহিদুল্লাহ।
সায়েন্সল্যাবের ওই ভবনে বিস্ফোরকের আলামত পায়নি সেনাবাহিনী:
রাজধানীর সায়েন্সল্যাবের যেই ভবনটিতে বিস্ফোরণ হয়েছে, সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে বিস্ফোরকের আলামত পায়নি সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল।

রোববার (৫ মার্চ) বিকেলে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলের প্রধান কমান্ডিং অফিসার মেজর মো. কায়সার বারী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র দিয়ে ঘটনাস্থলে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছি। প্রাথমিক পর্যবেক্ষণের পর আমরা মনে করছি, এই বিস্ফোরণটি বিস্ফোরক দ্রব্যের মাধ্যমে সংঘটিত হয়নি। যদি কোনো বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হতো তাহলে আমাদের যন্ত্রের মাধ্যমে সেটা বুঝতে পারতাম। তাই প্রাথমিকভাবে আমরা বলতে পারি, এখানে বিস্ফোরক দ্রব্যের কোনো আলামত পাওয়া যায়নি।

মেজর কায়সার বারী বলেন, এখানে বারুদ বা আইইডি ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। এটা যেকোনো ধরনের বিস্ফোরণ হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে আমাদের আরও তদন্ত করতে হবে। তদন্ত শেষে বিস্ফোরণের আসল কারণ জানা যাবে।

এর আগে, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকার শিরিন ম্যানশনের তৃতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজনের মৃত্যু এবং প্রায় ১৫ জনের মতো আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে বিকেল সোয়া ৩টার দিকে ঘটনাস্থলে যায় সেনাবাহিনীর কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিম (সিডিআরটি) ও বোম্ব ডিসপোজাল ইউনিটের দুটি পৃথক দল।