Home আঞ্চলিক সুন্দরবন ঘুরে গেলেন খ্যাতিমান সংগীত শিল্পী দম্পতি

সুন্দরবন ঘুরে গেলেন খ্যাতিমান সংগীত শিল্পী দম্পতি

14

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
দেশের খ্যাতিমান সংগীত শিল্পী রফিকুল আলম ও আবিদা সুলতানা দম্পতি সুন্দরবন ঘুরে গেছেন। রবিবার বিকেল ৪টার দিকে তারা পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী কেন্দ্রটি ভ্রমণে নামেন। এরপর বিকেল ৫টা পর্যন্ত তারা করমজলে অবস্থান করেন। এ সময় এ দম্পতির দুই মেয়ে ও এক ছেলে তাদের সাথে ছিলেন। তারা করমজলের কুমির ও কচ্ছপ প্রজনন কেন্দ্র, কৃত্রিমভাবে সংরক্ষিত মায়াবী ও চিত্রা হরিণের আবাস, সুদীর্ঘ ফুট টেইলর ও সু-উচ্চ ওয়াচ-টাওয়ারসহ নানা স্থাপনা এবং সুন্দরবনের প্রাণ-প্রকৃতি ঘুরে দেখেন। বিকেল ৫টার পরপরই তারা একটি জালিবোটে (ট্যুরিস্ট বোট) করে মোংলার পিকনিক কর্ণারের উদ্দেশ্যে ছেড়ে যান।

পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, ‘বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে আমি চাই না’ জনপ্রিয় এ গানের শিল্পী রফিকুল আলম ও ‘আমাদের দেশটা স্বপ্নপূরী, সাথী মোদের ফুল পরী’ জনপ্রিয় এ গানের শিল্পী আবিদা সুলতানা দম্পতি তাদের দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে করমজল ঘুরে গেছেন। রবিবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত তারা করমজল ঘুরে দেখেন। তিনি বলেন, এটাই করমজলে তাদের প্রথম ভ্রমণ, এর আগে তারা কখনও করমজলে আসেননি। তাদের সাথে কথা বলার ফাঁকে জানতে পেরেছি তারা সকালে ঢাকা থেকে রওনা হয়ে সরাসরি করমজলে আসেন। এখান থেকেই আবার মোংলা হয়ে ঢাকার উদ্দেশ্যেই রওনা হয়ে গেছেন।