স্টাফ রিপোর্টার।।
খুলনার বাজারে সব ধরনের মাছের দাম বেড়েছে। সবজির বাজারও ঊর্ধ্বমুখি। গত কয়েকদিনে দফায় দফায় দাম বেড়েছে নিত্যপণ্যের। শনিবার (২৫ ফেব্রুয়ারি) খুলনার একাধিক বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের মতো বাড়তি দামে বিক্রি হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, শিম, বরবটি, লাউসহ নানা ধরনের শাক। কয়েকদিনের মধ্যে দাম আরও বাড়তে পারে জানিয়েছেন ব্যবসায়ীরা। নগরীর টুটপাড়া, জোড়াকল বাজার, মিস্ত্রিপাড়া বাজার, গল্লামারী বাজার ঘুরে দেখা যায়, বাজারগুলোতে মাছের আমদানি খুব কম। যেসব মাছ বাজারে আছে তার দামও অনেক। অগ্রিম টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না মাছ।
টুটপাড়া জোড়াকল বাজারের মাছ বিক্রেতা আব্দুর রহিম জানান, শনিবার চিংড়ি বিক্রি হচ্ছে ৪০০-৫৯০ টাকায়, রুই মাছ (এক কেজি) ২৮০ টাকা, একই দরে বিক্রি হচ্ছে কাতলা ও মৃগেল মাছ। পাঙ্গাশ ১৮০-৩০০ টাকা, ভেটকি মাছ ৬০০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, টাকি মাছ ৩০০ টাকা, পাবদা ৩৫০ টাকা, চাষের শিং মাছ ৩৫০ টাকা, কৈ মাছ ৩০০ টাকা, মাগুর মাছ ৪০০ টাকা ও সাগরের নানা প্রজাতির মাছ বিক্রি হচ্ছে ২০০-২৮০ টাকায়।
নগরীর গল্লামারী বাজারে গিয়ে দেখা যায়, আকারভেদে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। শসা প্রতি কেজি ৪০-৫০ টাকা, লম্বা ও গোল বেগুন ৪০-৫০ টাকা, টমেটো ১৫-২০ টাকা, শিম ৩০-৪০ টাকা, করলা ১০০-১৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা, লাল শাক ৪০ টাকা, ডাটা শাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া চাল কুমড়া প্রতিটি ৫০-৬০ টাকা, লাউ প্রতিটি আকারভেদে ৪০-৪৫ টাকা, চিচিঙা ৬০ টাকা, পটল ৬০ টাকা, কচুর লতি ৬০-৭০ টাকা, বরবটি ৯০-১০০ টাকা ও ধুন্দুল ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।
বাজারে কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। কমেছে রসুনের দাম। বড় রসুনের কেজি ২০০ টাকা। এক সপ্তাহ আগেও দেশি বড় রসুনের কেজি ছিল ২২০ টাকা। ছোট রসুনের কেজি বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়। বাজারে আলুর কেজি বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়।
এ বাজারের সবজি বিক্রেতা আসলাম সরদার বলেন, গল্লামারী বাজারে সবজি আসে খুলনার শস্যভান্ডার হিসেবে পরিচিত ডুমুরিয়া উপজেলা ও বটিয়াঘাটা এলাকা থেকে। ফলে সবজির দাম এ বাজারে অন্যান্য বাজারের চেয়ে কম থাকে। কিন্তু এখন কৃষকের জমিতে সবজি বলতে গেলে নেই। ফলে সবজির যোগান কমে যাওয়ায় দামও বাড়ছে।
এ বাজারের নিয়মিত সবজি ক্রেতা জহিরুল ইসলাম জয়, শীতের সবজির যা চেহারা তা বাসায় নিলে ফেলে দেবে। তবুও দাম প্রচুর।
খুলনার বড় বাজারে খোঁজ নিয়ে জানা যায়, নিত্যপণ্যের দাম আগের মতোই রয়েছে। সপ্তাহে যা বেড়েছিল তা আর কমেনি। এখন বাজারে প্যাকেট আটার কেজি ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। খোলা আটা ৬০ টাকা।
দেশি মসুরের ডালের কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। ইন্ডিয়ান মসুরের ডালের কেজি ১০০ টাকা, দেশি মসুর ডাল ১৪০ টাকা। বাজারে সয়াবিন তেলের লিটার বিক্রি হচ্ছে ১৮৭ টাকা। লবণের কেজি ৩৮-৪০ টাকা।
বাজারে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকায়। গত সপ্তাহে ছিলও ১৯০-২০০ টাকা। সোনালী মুরগির দাম কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩১০-৩২০ টাকায়। লেয়ার মুরগির কেজি ২৮০-২৯০ টাকা। বাজারে গরু ও খাসির মাংসের দামও বেড়েছে। এখন গরুর মাংসের কেজি ৭০০ থেকে ৭৫০ টাকায়। খাসির মাংস কেজিপ্রতি বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১১০০ টাকায়।











































