বাগেরহাট প্রতিনিধি।।
ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত খানজাহান আলীর (রহ.) বসতভিটায় ৪৫ দিনের খনন কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বৃহস্পতিবার বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা গ্রামে এ কাজ উদ্বোধন করেন খুলনা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন।
এই খননের মাধ্যমে সুলতানি আমলে নির্মিত বিভিন্ন স্থাপনা, ভূমির শ্রেণিবিন্যাস, স্থাপনা তৈরির উপকরণ, যাতায়াতের পথ, দৈনন্দিন কাজে ব্যবহূত বিভিন্ন আসবাব সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের ১০ কর্মকর্তা-কর্মচারী অংশ নেবেন। তাঁদের সঙ্গে থাকবেন খনন কাজে দক্ষ শ্রমিকরা। খনন শেষে প্রাপ্ত ফল সবাইকে জানানো হবে।
লাভলী ইয়াসমিন জানান, খানজাহানের বসতভিটা হিসেবে সংরক্ষিত প্রত্নস্থলটিতে বেশ কয়েকবার খনন করা হয়েছে। বিভিন্ন সময়ের খননে প্রাচীন দেয়াল, মেঝে, পয়ঃনিস্কাশন প্রণালির নালা, পোড়ামাটির তৈরি পাইপ, প্রদীপদানি, পোড়ামাটির পুঁথি, লাল, কালো ও ধূসর বর্ণের মৃৎপাত্র, পিরিচ, নল, জালের গুটি, অলংকৃত ইটসহ বিভিন্ন প্রত্নবস্তু ও নিদর্শন পাওয়া গেছে। এবারের খননেও আশা করা হচ্ছে গুরুত্বপূর্ণ অনেক প্রত্ন নিদর্শন পাওয়া যাবে, যা দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খনন কাজ উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা অধিদপ্তরের সহকারী পরিচালক গোলাম ফেরদৌস, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আখতারুজ্জামান বাচ্চু, বাগেরহাট জাদুঘরের কাস্টডিয়ান মোহাম্মদ যায়েদ, আল আমীন, অধিদপ্তরের ফিল্ড অফিসার আইরীন পারভীন, হাসানুজ্জামান প্রমুখ।











































