খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ৫ দিনব্যাপী একাডেমিক কাউন্সেলিং এন্ড মোটিভেশন শীর্ষক কর্মশালা সমাপ্ত হয়েছে। এই ৫ দিনে বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিনের সহস্রাধিক শিক্ষার্থী ছাত্ররাজনীতি, মাদক ও র্যাগিংকে না বলে শপথ গ্রহণ করেছে।
আজ ০৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯.১৫ মিনিটে কর্মশালার সমাপনী দিনের উদ্বোধনী অনুষ্ঠান আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে যা যা প্রয়োজন, তার সবকিছুই আছে এ বিশ্ববিদ্যালয়ে। এখান থেকে নিজেকে বিকশিত করার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাব ও সংগঠনে যুক্ত হয়ে নিজেকে আরও দক্ষ হিসেবে গড়ে তোলা যায়। এখানকার অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, যারা মানুষের কল্যাণে কাজ করে। এতে যুক্ত হয়ে ছাত্র অবস্থা থেকেই মানুষের কল্যাণে কাজ করার একটি সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে অনেকেই দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছেন। সেসব কৃতি অ্যালামনাইদের পথ অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। নিজে আলোকিত হয়ে অন্যকে আলোকিত করতে হবে।
উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার পাশাপাশি গবেষণা কার্যক্রমেও গুরুত্ব দিয়ে থাকে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণায় অনেক এগিয়ে। তাদের সাথে গবেষণায় যুক্ত হয়ে শিক্ষার্থীরা গবেষণায় অবদান রাখতে পারে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার জন্য দেশ-বিদেশের ৩০টি বিশ্ববিদ্যালয়ের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষরিত হয়েছে।
উপাচার্য ৫ দিনব্যাপী এই একাডেমিক কাউন্সেলিং এন্ড মোটিভেশন কর্মশালাসহ শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য বেশকিছু কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রথাগতভাবে নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। উক্ত শপথবাক্যে ছাত্ররাজনীতি, র্যাগিং ও মাদককে না বলার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন-কানুন ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থাকা, বিশ্ববিদ্যালয়ের সম্মান ও ঐতিহ্য অক্ষুণ্ন রাখার বিষয়টি উল্লেখ রয়েছে। শপথবাক্যে শিক্ষাজীবন শেষে দেশ ও জাতির কল্যাণ আত্মনিয়োগের অঙ্গীকারও রয়েছে। পরে উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘কী টু সাকসেস ইন হায়ার এডুকেশন’ শীর্ষক একটি সেশন উপস্থাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূরুন্নবী এবং কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. রুবেল আনছার। সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দ এবং নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মশালার সমাপনী দিনে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল এবং কলা ও মানবিক স্কুলের আওতাধীন ৫টি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও কর্মশালায় ‘টিচিং লার্নিং অ্যাপ্রোচেস ইন হায়ার এডুকেশন’, ‘এডুকেশন সিস্টেম, রুলস এন্ড রেগুলেশন্স’, ‘এক্সেস টু রিসোর্স, ইনফরমেশন এন্ড টেকনোলজি ইন কেইউ’ এবং ‘স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস ইন কেইউ’ শীর্ষক ৪টি সেশন অনুষ্ঠিত হয়।
তুরস্ক-সিরিয়ায় নিহতদের আত্মার শান্তি
কামনায় খুবিতে দোয়া অনুষ্ঠিত
ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নাগরিকদের মৃত্যুতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আজ ০৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া নিহতদের আত্মার শান্তি কামনায় বাদ জোহর খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ এবং প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া পরিচালনা করেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস ও প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদে দোয়া পরিচালনা করেন পেশ ইমাম ক্বারী মো. মুস্তাকিম বিল্লাহ।
খুবির দৃষ্টিনন্দন মেইনগেট
নির্মাণে চুক্তি স্বাক্ষর
খুলনা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ প্রত্যাশিত দৃষ্টিনন্দন মেইনগেট নির্মাণকাজের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ ০৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১২টায় উপাচার্যের কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর তা উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর হাতে তুলে দেয়া হয়। এসময় উপাচার্য সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে যথাযথ গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেন। আগামী জুন মাসের মধ্যে এই গেট নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে আলফা ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মিরাজুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের নির্মাণ তত্ত্বাবধান কমিটির প্রধান প্রফেসর ড. খো. মাহফুজ উদ দারাইন, প্রধান প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এস এম আতিয়ার রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মো. খায়রুল বাসার, অধিকতর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, উপাচার্যের সচিব সঞ্জয় সাহাসহ সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণ আজ ০৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়। বেলা ১১.৩০টায় প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর মোছা. তাছলিমা খাতুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. শেখ আমির হোসেন, শিক্ষা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক কল্যাণী বাইন, সহকারী অধ্যাপক মো. ফজলে রাব্বী এবং প্রভাষক রুবাইয়া শারমিন। সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণকমল রায়। এসময় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।











































