পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় থানার সামনে বঙ্গবন্ধু চত্ত্বর ও খেলার মাঠ দখলের চেষ্টা। উপজেলা প্রশাসন সরজমিনে এসে বন্ধ করে দিয়েছেন। বুধবার সকালে মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু নিলাম বনিয়াদে জমি দাবী করে ৪৫ বছর পর দখলে যাওয়ার চেষ্টা করে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান ঘটনাটি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসারকে জানান। বঙ্গবন্ধু চত্বরের ভলিবল খেলার জায়গা দখল হয়ে যাচ্ছে খবরটি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সহকারী কমিশনার (ভুমি) আরাফাত হোসেন, সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) সাইফুল ইসলাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বঙ্গবন্ধু চত্বরে উপস্থিত হন। বঙ্গবন্ধু চত্বরের ভলিবল খেলার জায়গা কেন দখল করা হচ্ছে জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধ শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু বলেন, এ জমি আমি নিলাম সূত্রে ক্রয় করেছি। জমির সকল কাগজপত্র আছে। সাবেক অফিসার ইনচার্জ মোঃ ইমদাদুল হক সরকারি ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ৪লাখ ৭০ হাজার টাকা খরচ করে মাটি ভরাট করে বঙ্গবন্ধু চত্বর তৈরী করা হয়। সে সময় কেন বাঁধা দেওয়া হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তখন প্রয়োজন মনে করিনি, এখন পাশের ব্যক্তি জমি দখলে নিয়েছে তাই প্রয়োজন মনে করে আমিও জমি দখলে নিচ্ছি। দাবীকৃত জমির কাগজপত্র যাচাই বাছাই করার জন্য সহকারী কমিশনার (ভুমি) আরাফাত হোসেনের কাছে কাগজপত্র জমা দেন। জমির কাগজপত্র যাচাই বাছাই না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এ সময় বীর মুক্তিযোদ্ধ শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু থানা পুলিশ ও এলাকার ভলিবল খেলোয়াড়দের কথা বিবেচনা করে জমির কিছু অংশ ছেড়ে দেওয়ার প্রস্তাব দেন। তার প্রস্তাবে সকলে সাধুবাদ জানালেও নদীর সীমানা ও জমির সঠিক মালিকানা বের করার জন্য কাগজপত্র যাচাই বাছাই করার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন। তাৎক্ষনিক কাজ বন্ধ করায় ভলিবল খেলোয়াড় ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।











































