Home আঞ্চলিক খুলনায় বিদ্যুতের খুঁটি অপসারণ না করেই প্রশস্ত করা হচ্ছে সড়ক

খুলনায় বিদ্যুতের খুঁটি অপসারণ না করেই প্রশস্ত করা হচ্ছে সড়ক

11

স্টাফ রিপোর্টার।।

বিদ্যুতের খুঁটি অপসারণ না করেই প্রশস্ত করা হচ্ছে খুলনার খানজাহান আলী সড়ক। নগরীর রূপসা ঘাটের কাছে সড়কটি ৬০ ফুট থেকে উন্নীত করা হচ্ছে ৮০ ফুটে। কিন্তু সড়কের মাঝে থাকা বিদ্যুতের খুঁটি রেখেই চলছে কাজ। এ অবস্থায় প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে সড়ক প্রশস্তকরণের সুফল নিয়ে সংশয় দেখা দিয়েছে। এছাড়া দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধিরও আশঙ্কা দেখা দিয়েছে।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, নগরীর ফেরিঘাট থেকে রূপসা ঘাট পর্যন্ত খানজাহান আলী সড়ক দিয়ে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার যানবাহন চলাচল করে। সড়কটি সরু হওয়ায় যানজট তৈরি হয়। এছাড়া রূপসা ঘাট এলাকা নিচু হওয়ায় প্রায়ই সড়কে পানি জমে থাকে। সে কারণে সড়কের প্রায় ৩ কিলোমিটার অংশ প্রশস্তকরণ ও মজবুত করতে কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। এর মধ্যে রূপসা ঘাট এলাকার ৩৪৭ মিটার সড়ক হবে কংক্রিটের। বাকি অংশ হবে কার্পেটিং বা বিটুমিনের। প্রকল্পে মোট ব্যয় হচ্ছে ২৫ কোটি ৫৫ লাখ টাকা। সড়কটি একেকটি অংশে একেক রকম প্রশস্ত হবে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রূপসা ঘাট এলাকায় সড়কের বর্তমান প্রস্থ ৬০ ফুট। দুই পাশে প্রশস্ত করে সড়ক ৮০ ফুটে উন্নীত করা হচ্ছে। সড়কের ওই অংশে ৩৪৭ মিটার অংশ প্রায় ১৯ ফুট কংক্রিটের ঢালাই দিয়ে উঁচু করা হচ্ছে। ইতোমধ্যে একপাশের ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখেই দেয়া হচ্ছে ঢালাই। এরই মধ্যে ৬টি খুঁটি রেখেই ঢালাই দেয়া হয়েছে। আরও ৮টি খুঁটি রেখেই সংস্কার করা হচ্ছে। প্রায় ১৯ ইঞ্চি পুরুত্বের ঢালাই ভেঙে ভবিষ্যতে এই খুঁটি স্থানান্তর করা কঠিন হবে। এতে প্রশস্ত করা বাকি অংশ দিয়ে যানবাহন চলাচল করতে পারবে না। আবার যানবাহন চলাচল করলেও দুর্ঘটনার শিকার হবে। সড়কের অন্যান্য অংশেও খুঁটি রেখেই প্রশস্ত করা হচ্ছে। কার্পেটিং করার পর এসব খুঁটি অপসারণ করা কষ্টকর হয়ে দাঁড়াবে। মোট কতটি খুঁটি সরাতে হবে এখনও সেই তালিকা তৈরি করতে পারেনি সড়ক বিভাগ।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ বলেন, খুঁটি সরিয়ে নিতে বিদ্যুত বিভাগকে চিঠি দেয়া হয়েছে। নির্ধারিত সময়ে আমাদের প্রকল্পের কাজ শেষ করতে হবে। তাদের কাছ থেকে সাড়া না পাওয়ায় বাধ্য হয়ে কয়েকটি খুঁটি রেখেই কাজ করতে হচ্ছে।

বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর সহকারী প্রকৌশলী তারেক আহমেদ বলেন, আমাদেরকে খুঁটি স্থাপনের জায়গা দেখিয়ে দিলে সঙ্গে সঙ্গে খুঁটি সরিয়ে দিচ্ছি। যে স্থানে খুঁটি রেখে কাজ হচ্ছে, সেখানে খুঁটি স্থানান্তরের জায়গা দেখিয়ে দেয়া হয়নি।

এ ব্যাপারে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, বিদ্যুতের খুঁটি না সরিয়ে কাজ করা অর্থের অপচয় ছাড়া কিছুই নয়। এই অর্থ ব্যয়ের সুফল নগরবাসী তো পাবেই না, উল্টো দুর্ঘটনার ঝুঁকি বাড়বে।