Home আঞ্চলিক মানুষের বদলে আধুনিক মেশিনে কাটা হচ্ছে আখ

মানুষের বদলে আধুনিক মেশিনে কাটা হচ্ছে আখ

11

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

দেশে ধান-গম কাটার হারভেস্টার পরিচিত হলেও এবার সেই যন্ত্র চলছে আখের খেতে। ছোট ছোট টুকরোগুলো পরিষ্কারও হচ্ছে মেশিনের স্বয়ংক্রিয়তায়। বর্তমানে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির মিল এলাকায় আখ কাটছে যন্ত্রটি। এমন সব নতুন প্রযুক্তি যুক্ত করে দেশের চিনি শিল্পের সংকট কাটাতে চায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন।

ক্ষেত থেকে মেশিনেই কেটে অল্প সময়েই আখের টুকরোয় ভরছে ট্রলি। এমন বিস্ময়কর দৃশ্য ব্রাজিল, আর্জেন্টিনাসহ দক্ষিণ আমেরিকার দেশে স্বাভাবিক হলেও বাংলাদেশে এই প্রথম। চিনি সমৃদ্ধ দেশগুলোর প্রযুক্তির ঢেউ এখন দৃশ্যমান চুয়াডাঙার প্রত্যন্ত আখের ক্ষেতে।

এ বিষয়ে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, আখের কোয়ালিটি অনেক ভালো হচ্ছে। মেশিন দিয়ে কাটার ফলে আখের সুগার রিকভারি রেট অনেক বেশি হবে।

এসব আখ সরাসরি সরবরাহ করা হচ্ছে চিনিকলে। পরিষ্কার আখ পাওয়ায় হার বাড়ছে চিনি আহরণের।

ভারত থেকে আখ কাটার এই যন্ত্রটি প্রথম আমদানি করেছে আলীম ইন্ডাস্ট্রিজ। মেশিন চালানো শেখাতে চিনিকল শ্রমিকদের প্রশিক্ষণও দিচ্ছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন : ছাত্রলীগ কর্মীকে শিক্ষক হিসেবে নিয়োগ না দেয়ায় ভিসির কক্ষে ভাঙচুর

এ বিষয়ে চাষিরা জানায়, এই মেশিন অনেক উপকারী। অল্প সময়ে অনেক আখ কাটা যায়। আমাদের কষ্ট অনেক কম হবে এখন। প্রতি টন আখ চাষে আমাদের ৪০০ টাকা বাঁচবে।

আখ চাষে আগামীতে আরও নতুন প্রযুক্তি যুক্ত করে চিনি শিল্পের সংকট কাটাতে চায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন।

এ প্রসঙ্গে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক খন্দকার আজিম আহমেদ বলেন, দেশে এখন আখের চাষ কমে গেছে। তবে এই মেশিন আসার কারণে আখ চাষ সহজ হয়ে যাবে। চিনির উৎপাদন বাড়বে।

দেশের ঐতিহ্যবাহী চিনিকল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির মিল এলাকায় বর্তমানে আখ কাটছে যন্ত্রটি। আগামী মৌসুমে, এটি সরবরাহ করা হবে দেশের সব কয়টি চিনিকলে।