Home আঞ্চলিক অভয়নগরে অজ্ঞাত লাশটি ফরিদ গাজীর: পাওনা টাকা না দেওয়ায় দুই বন্ধু মিলে...

অভয়নগরে অজ্ঞাত লাশটি ফরিদ গাজীর: পাওনা টাকা না দেওয়ায় দুই বন্ধু মিলে গলা কেটে হত্যা

12

অভয়নগর প্রতিনিধি।।

অভয়নগরে বালির ড্যাম্প থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। নিহত ওই যুবকের নাম ফরিদ গাজী (১৯), পিতা মৃত আফিল উদ্দীন গাজী, মাতা আম্বিয়া বেগম। তিনি উপজেলা পরিষদ এলাকার গুয়াখোলা শাহী বস্তির বাসিন্দা। লাশের পরিচয় শনাক্ত করার পর গতকাল সোমবার সকাল ১১টায় ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।

পুলিশ ঘটনার সাথে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করেছে। আসামিরা হলো নড়াইল সদর থানার যদুনাথপুর গ্রামের সাখাওয়াত মোল্যার ছেলে শান্ত ও একই গ্রামের ছবুর মোল্যার ছেলে সাকিব মোল্যা। নিহত ফরিদ ও গ্রেপ্তার হওয়া আসামিরা তিনজন মিলে নওয়াপাড়ার বেঙ্গল মিলের পাশে একটি রুম ভাড়া নিয়ে বসবাস করতো।

আসমিদের আটকের পর পুলিশ সংবাদ সম্মেলন করে জানায়, নিহত ফরিদ গাজীর নামে ধর্ষণ মামলা রয়েছে। সে জেলে থাকাকালিন ওই দুই আসামির সাথে পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে তিনজন একটি রুম ভাড়া নিয়ে নওয়াপাড়া বেঙ্গল মিল এলাকায় বসবাস করতো। তারা জাহাজের স্কটের কাজ করতো। কখনো অন্য কাজও করতো। মাঝে মাঝে ছিচকে চুরিও করতো। ফরিদ ওই দুই বন্ধুর কিছু টাকা আত্মসাত করে। আসামিরা দুইজন মিলে ঘটনার দিন সন্ধ্যা রাতে স্যালো ম্যশিন চুরির লোভ দেখিয়ে ফরিদকে ভৈরব ব্রিজের কাছে এনে গলায় চাকু চালিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। পরে আসামিদের স্বীকারোক্তি মোতাবেক বাসার পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের বড় ভাই ফরিদ গাজী বাদি হয়ে থানায় অভিযোগ করে তার অভিযোগের ভিক্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আসামি আটক করে এবং মামলা হয়।

গতকাল রবিবার দুপুর ২টায় স্থানীয় লোকজন ভৈরবব্রীজের পাশে দক্ষিন দেয়াপাড়া গ্রামে মাটিকাটা শ্রমিকেরা বালির ডিপোর ওপর থেকে ফরিদের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে বিকাল ৪টার সময় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতে লাশের আঙ্গুলের ছাপ শনাক্ত করার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে লাশের পকেটে একটি চিরকুটে পাওয়া মোবাইল নং ধরে লাশের পরিচয় শনাক্ত এবং আসামি গ্রেপ্তার করা হয়।

নিহত ফরিদ গাজীর বোন আসমা বেগম জানান, তার ভাই জাহাজে কাজ করতো, কখনো অন্য কাজও করতো। ফরিদ নওয়াপাড়া বেঙ্গল টেক্সটাইল মিলের পাশে ভাড়া বাড়িতে বসবাস করতো। ওই বাসায় তার আরো দুই বন্ধু ভাড়া থাকতো। টাকা নিয়ে ওদের মধ্যে বিবাদ ছিলো। এ কারণে তার ভাইকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করেছে ওই দুই বন্ধু।