Home আঞ্চলিক খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বদানের সক্ষমতা তৈরি হয় : উপাচার্য

খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বদানের সক্ষমতা তৈরি হয় : উপাচার্য

45

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ ১৫ জানুয়ারি (রবিবার) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। উদ্বোধনের পর তিনি খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও কুশল বিনিময় করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, খেলাধুলা মানে মনের প্রশান্তির জায়গা। খেলাধুলার মাধ্যমে একটি পর্যায় থেকে অন্য পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বদানের সক্ষমতা এবং শৃঙ্খলাবোধ তৈরি হয়। খেলার মাঠে শৃঙ্খলা ধরে রাখা গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্রিকেটে ফেয়ার প্লে অত্যন্ত জরুরি। মনে রাখতে হবে খুলনা বিশ্ববিদ্যালয়ে এ প্রতিযোগিতা ঐতিহ্যবাহী। যেকোনা পরিস্থিতিতে যেনো খেলার পরিবেশ নষ্ট না হয়। খেলা যাতে উপভোগ্য হয় সে বিষয়ে সকলের নজর রাখতে হবে। খেলায় প্রতিটি খেলোয়াড়ের প্রতিযোগিতামূলক আচরণের পাশাপাশি খেলোয়াড় সুলভ আচরণ করা উচিত।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও সাবলীল রাখতে নিয়মিত খেলাধুলা আয়োজন করার ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সচেষ্ট। দীর্ঘ ১০ বছর পর এবার খুলনা বিশ্ববিদ্যালয়ে অ্যাথলেটস্ আয়োজন করা হচ্ছে। সুলতানা কামাল জিমনেশিয়ামের কাজ চলমান রয়েছে। এটি চালু হলে বিভিন্ন ইনডোর গেমস্ আয়োজন সম্ভব হবে। ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য ক্রীড়া ইভেন্টগুলো যথাযথ সময়ে আয়োজনে কাজ করছে শারীরিক শিক্ষা চর্চা বিভাগ। এজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি খেলাধুলার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরকে আহ্বান জানান। পরে উদ্বোধনী ম্যাচের শুরুতে উপাচার্য ব্যাটিং করে খেলার শুভ সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। এসময় বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনকে পরাজিত করে অর্থনীতি ডিসিপ্লিন। এছাড়া দিনের অন্যান্য খেলায় স্থাপত্য ডিসিপ্লিনকে হারায় পরিসংখ্যান ডিসিপ্লিন এবং ভাস্কর্য ডিসিপ্লিনের বিপক্ষে জয়লাভ করে ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন্স ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন।

খুবির ইউআরপি ডিসিপ্লিনের প্রফেসর ড. ফৌজিয়া ফারজানার
মাতার মৃত্যুতে উপাচার্যের শোক
খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. ফৌজিয়া ফারজানার মাতা শরিফা খানম গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় বার্ধক্যজনিত কারণে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্বামী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার বাদ জোহর নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. ফৌজিয়া ফারজানার মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আশিক উর রহমানসহ ডিসিপ্লিনের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

 

 

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে ১৮ ব্যাচের
শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ১৮ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা আজ ১৫ জানুয়ারি (রবিবার) অনুষ্ঠিত হয়। দুপুর ২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনাতনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগ, খুলনা অঞ্চলের উপ-পরিচালক মো. ফরিদুল ইসলাম। সভাপতিত্ব করেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. ইয়াছিন আলী, প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম এবং ১৮ ব্যাচের কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. শিমুল দাশ।
শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন ১৮ ব্যাচের নাঈম হক হৃদয়, ফারজানা ইসলাম নাফিলা, ১৯ ব্যাচের মো. সোহেল রানা, ২০ ব্যাচের ইশরাত জাহান ঈশিতা এবং ২১ ব্যাচের মো. শাহেদ জামিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ১৯ ব্যাচের শিক্ষার্থী সুমনা সরকার ও অন্তরা ঘোষ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুল এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।