স্পোর্টস ডেস্ক।।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া টার্গেটটা ছিল মাত্র ৯০ রানের। নাজমুল হোসেন শান্তর অপরাজিত ৪৩ রানে সেটি সহজেই টপকে গেল সিলেট স্ট্রাইকার্স। মাশরাফি বিন মুর্তজার দলের ৮ উইকেটের জয়ে শুরু হলো বিপিএলের নবম আসর।
আজ (শুক্রবার) শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম। শুভাগত হোমের দল পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে সংগ্রহ করে ৮৯ রান। সর্বোচ্চ ২৫ রান এসেছে আফিফ হোসেনের ব্যাট থেকে। আল আমিন ১৮ এবং মেহেদী মারুফ করেন ১১ রান। বাকিদের কেউই পৌঁছাতে পারেননি ডাবল ডিজিটে।
সিলেটের হয়ে বল হাতে আগুন ঝরিয়েছেন রেজাউর রহমান রাজা। ২৪ বছর বয়সী এই ডানহাতি পেসার ৪ ওভারে ১৪ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। পাকিস্তানি তারকা মোহাম্মদ আমির ৪ ওভারে এক মেডেনসহ ৭ রানে নিয়েছেন ২ উইকেট। অধিনায়ক মাশরাফিও ভালো বল করেছেন।
৪ ওভারে ১৮ রানে তার শিকার ১ উইকেট। এছাড়া অ্যাকারম্যান নিয়েছেন এক উইকেট।
৯০ রানের লক্ষ্য ১২.৩ ওভারেই টপকে যায় সিলেট। ওপেনার নাজমুল হোসেন শান্ত ৪১ বলে তিন চার ও এক ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন। তিনে নামা জাকির হাসানের ব্যাট থেকে আসে ২১ বলে ২৭ রান। মুশফিকুর রহীম করেন ৮ বলে ৬* রান।
চট্টগ্রামের হয়ে একটি করে উইকেট নিয়েছেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ও লঙ্কান স্পিনার মালিন্দা পুষ্পকুমারা। ম্যাচসেরা হয়েছেন রেজাউর রহমান রাজা।











































