খুলনাঞ্চল রিপোর্ট।।
ছাত্রদলের কর্মী আমজাদ হোসেনের মৃত্যুর পৌনে ৫ বছর পর পুলিশের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করেছে পরিবার। নিহত আমজাদ নেত্রকোনা শহরের হোসেনপুর এলাকার মৃত আলী হোসাইনের ছেলে।
বৃহস্পতিবার নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতে মামলার আবেদন করেন। মামলার বাদী হয়েছেন নিহতের ভাই দেলোয়ার হোসেন।
মামলার আবেদনে বলা হয়, ২০১৮ সালের ২১ মে স্থানীয় ছাত্রদলের কর্মী আমজাদ হোসেনকে নেত্রকোনার সরদ উপজেলার হোসেনপুর নিজ বাসা থেকে রাত ৩টার দিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর মেদিনী ইউনিয়নের বড়ওয়ারী নদীর পার সংলগ্ন ব্রিজের কাছে পুলিশ ক্রস ফায়ার বা গুলি করে তাকে হত্যা করা হয়।
মামলার আসামি করা হয়েছে থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান আলী, এসআই মামুনসহ ঘটনাকালীন সময়ে কর্মরত ১০-১৫ জন পুলিশ সদস্যকে।
মামলার আইনজীবী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফা সুলতানা জেসমিন। এছাড়াও আছেন অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ, সাইফুর রহমান প্রামাণিক, হফুজার রহমান ইলিয়াসসহ স্থানীয় আইনজীবীরা।











































